নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলবদলের বাজারে সেরা চমক দিল মোহন বাগান। শুক্রবার মিগুয়েল ফিগুয়েরার নাম ঘোষণা করল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। আগামী দুই মরশুমের জন্য মোহন বাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। গতবার লাল-হলুদ জার্সিতে সোনার বল জিতেছিলেন মিগুয়েল। মশাল বাহিনীর চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য তাঁর বড় অবদান ছিল। ১২ ম্যাচে ২টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। উল্লেখ্য, গত মরশুমে প্লে-মেকারের অভাবে ভুগতে হয়েছে মোহন বাগানকে। অধিকাংশ ম্যাচেই স্ট্রাইকার ম্যাকলারেনকে বল জোগান দেওয়ার মতো ফুটবলার খুঁজে পাওয়া যায়নি। মিগুয়েলের অন্তর্ভুক্তিতে যে সেই শূন্যস্থান ভরাট হল, তা বলার অপেক্ষা রাখে না। এদিন মিগুয়েল বলেন, ‘কলকাতায় এক বছর খেলার সুবাদে মোহন বাগান সমর্থকদের আবেগের আঁচ পেয়েছি। প্রত্যাশার চাপ নিতে প্রস্তুত। দেশের সেরা ক্লাবের হয়ে খেলতে পারার সুযোগ পেয়ে আমি গর্বিত।’
এদিকে, বিশ্বকাপের মাঝেই শুরু হচ্ছে ঘরোয়া লিগ। ১২ জুলাই ইস্ট বেঙ্গল- জর্জ টেলিগ্রাফ ম্যাচ দিয়ে শুরু লিগ। মোহন বাগানের প্রথম খেলা ১৩ জুলাই। তাদের প্রতিপক্ষ পাঠচক্র। এদিন সুতারকিন স্ট্রিটে সুপার ডিভিশন ক্লাবগুলোর কর্তাদের উপস্থিতিতে হয়ে গেল গ্রুপ বিন্যাস। গ্রুপ এ’তে রয়েছে মোহন বাগান ও ইস্ট বেঙ্গল। মহমেডান স্পোর্টিং এবং গতবারের রানার্স-আপ ইউনাইটেড স্পোর্টস ক্লাব রয়েছে গ্রুপ বি’তে। প্রতি গ্রুপে ১৩টি করে দল। তবে সমস্যা ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, ডায়মন্ডহারবার এফসি ও সুরুচি সংঘকে নিয়ে। এই প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘আমরা তিনটি ক্লাবকে ৩০ জুনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলেছিলাম। শুধু সুরুচি সংঘ জানিয়েছে, তারা খেলবে। তাই সূচিতে ডায়মন্ডহারবার ও শ্রীভূমিকে রাখা হয়নি।’ উল্লেখ্য, চলতি মরশুমে ঘরোয়া লিগের ম্যাচ দেখা যাবে নম্বর টেন স্পোর্টসে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করার পরিকল্পনা রয়েছে আইএফএ’র।