সংবাদদাতা, রামপুরহাট: কয়েক দিনের বৃষ্টি ও ঝাড়খণ্ডে ভারী বর্ষণের জেরে ব্রহ্মানী নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। পরিস্থিতি সামলাতে বৈধরা ব্যারেজ থেকে জল ছাড়া হলে বৃহস্পতিবার সকাল থেকে নলহাটি ১ ব্লকের দেবগ্রাম ঘাটের কজওয়েটি নদীর জলে তলিয়ে যায়। ফলে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে নলহাটি ও সংলগ্ন এলাকার একাধিক গ্রামের যোগাযোগ। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় চরম ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করছেন দু’পারের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলহাটির রামেশ্বরপুর, বুজুং, সরধা, রামপুরসহ প্রায় ২০টি গ্রাম ব্রহ্মানী নদী দ্বারা বেষ্টিত। নলহাটি শহর, রামপুরহাট কিংবা পাশের মুর্শিদাবাদ জেলার সঙ্গে যোগাযোগের প্রধান ভরসা এই কজওয়ে। অন্যদিকে, নদীর অপর পারের দেবগ্রাম, ভদ্রপুর, রায়পুর, কৃষ্ণপুরসহ ৩০টিরও বেশি গ্রামের বাসিন্দাদের রামপুরহাট মেডিকেল কলেজ, মহকুমা শহর ও তীর্থক্ষেত্র তারাপীঠে দ্রুত পৌঁছানোর সহজ মাধ্যমও এই রাস্তাই। গ্রীষ্মে এই কজওয়ের উপর দিয়ে ছোটো গাড়ি চলাচল করলেও বর্তমানে এটি জলমগ্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার, হাজার মানুষ।
এদিকে, যাতায়াত বজায় রাখতে গিয়ে তৈরি হয়েছে দুর্ঘটনার আশঙ্কা। অতিরিক্ত যাত্রী এবং বাইক-সহ যানবাহন নিয়ে বিপজ্জনকভাবে পারাপার করছে নৌকাগুলি। ২০২২ সালে ঠিক একইভাবে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দেবগ্রাম ঘাটেই একটি নৌকা উলটে গিয়েছিল। সেবার সিভিক পুলিশ ও স্থানীয়দের তৎপতায় অন্তত ২৫ জন যাত্রী প্রাণে বাঁচলেও সেই মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নেয়নি স্থানীয় প্রশাসন বলে বাসিন্দাদের অভিযোগ। এলাকাবাসীর দাবি, জাতীয় সড়কে যানজট তৈরি হলে ছোটো যানবাহন চলাচলের জন্য এই কজওয়ে খুব গুরুত্বপূর্ণ। নদী পারাপারের এই পয়েন্টে দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর দাবি জানানো হলেও তা আজও অধরা। স্থানীয়দের মতে, এখানে একটি সেতু তৈরি হলে রামপুরহাটের সঙ্গে দূরত্ব প্রায় ১২ কিলোমিটার কমে যাবে, যা কৃষির অগ্রগতিতে সাহায্য করবে।
ঘটনার বিষয়ে নলহাটি ১ ব্লকের বিডিও সৌরভ মেহেতার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আশাদুজ জামান বলেন, নৌকা চলাচল না করলে মানুষ যাতায়াতই করতে পারবে না। তবে সুরক্ষার কথা মাথায় রেখে স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে যাতে নৌকা চালানো হয়, সেই ব্যাপারে পুলিশকে নজরদারি চালাতে বলা হয়েছে।
কজওয়ে ডুবে যাওয়ায় নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করে চলছে পারাপার। -নিজস্ব চিত্র