Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে নম্বরপ্লেট দিলেও শহরজুড়ে চলছে অবৈধ টোটো

ময়নাগুড়িতে অবাধে চলছে নম্বরহীন টোটো। পুরসভা থেকে নম্বরপ্লেট দেওয়া হলেও, তা না লাগিয়েই রাস্তায় চলছে টোটো। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, নম্বরপ্লেট সংগ্রহের শেষ তারিখ পেরিয়ে গিয়েছে।

ময়নাগুড়িতে নম্বরপ্লেট দিলেও শহরজুড়ে চলছে অবৈধ টোটো
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে অবাধে চলছে নম্বরহীন টোটো। পুরসভা থেকে নম্বরপ্লেট দেওয়া হলেও, তা না লাগিয়েই রাস্তায় চলছে টোটো। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, নম্বরপ্লেট সংগ্রহের শেষ তারিখ পেরিয়ে গিয়েছে। অনেকেই তা সংগ্রহ করেননি। অনেকে আবার সংগ্রহ করলেও, তা গাড়িতে লাগাননি। ট্রাফিক পুলিসকে ব্যবস্থা নিতে বলব। 

Advertisement

ময়নাগুড়ি শহরে কত টোটো রয়েছে, তার সঠিক সংখ্যা জানতে পুরসভার পক্ষ থেকে নম্বরপ্লেট তৈরি করা হয়। পুরসভা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মাত্র ৬৫৪ টোটোচালক নম্বরপ্লেট সংগ্রহ করেছেন। তবে এঁদের মধ্যে অনেকে এখনও শহরের রাস্তায় নম্বর ছাড়াই চলছেন। এছাড়াও বহু অবৈধ টোটোর দৌরাত্ম্যও বেড়েছে শহরজুড়ে।  
ময়নাগুড়ির ১১ নম্বর ওয়ার্ডের টোটোচালক পবিত্র সেন বলেন, নম্বরপ্লেট নিয়েছি। তবে সেটা বাড়িতেই রয়েছে। আনন্দনগর পাড়ার টোটোচালক বিভাস মণ্ডলের কথায়, টোটোর যিনি মালিক, তিনি নম্বরপ্লেট সংগ্রহ করেছেন কি না, সেটা আমার জানা নেই।
আইএনটিটিইউসি’র ময়নাগুড়ি টাউন ব্লকের সভাপতি লালু রাউত বলেন, পুরসভা যে নিয়ম করেছে, সেটা প্রত্যেককেই মানতে হবে। আমরাও টোটোচালকদের জানিয়েছিলাম। যাঁরা এই নিয়ম এখনও মানেননি, তাঁদের আইনের আওতায় আনা হোক। পুরসভার নির্দেশ অমান্য কোনওমতেই করা যাবে না। আর যাঁরা নম্বরপ্লেট নেওয়ার পরেও বাড়িতে রেখে দিয়েছেন, তাঁদের বলব অবিলম্বে যেন লাগিয়ে নেন।
পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, নম্বরপ্লেট দেওয়ার তারিখ শেষ হয়ে গিয়েছে। আমরা মাইকে প্রচার করেছিলাম। মাত্র ৬৫৪ জন চালক সংগ্রহ করেছেন। নম্বরপ্লেট ছাড়া শহরের রাস্তায় কোনও টোটো চলাচল করতে পারবে না। পুলিস, প্রশাসনকে ব্যবস্থা নিতে বলব। 
 নম্বরপ্লেটহীন টোটোর চালকের সঙ্গে কথা বলছেন ময়নাগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঝুলন সান্যাল। - নিজস্ব চিত্র।

সম্পর্কিত সংবাদ