সংবাদদাতা, উলুবেড়িয়া: রাস্তার পাশে বেআইনি বাইক পার্কিং। এর জেরে উলুবেড়িয়া আদালত এবং উলুবেড়িয়া উপ সংশোধনাগারের পাশের দু’টি রাস্তা এখন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের মাথাব্যথার বড়ো কারণ। শহর থেকে বাইরে বের হওয়ার দুটি রাস্তায় এই বেআইনি বাইক পার্কিংয়ের দাপটে কার্যত নাভিশ্বাস উঠেছে আমজনতার।
উলুবেড়িয়া আদালতের পাশে মেদিনীপুর ক্যানালের পূর্ব পাড় দিয়ে রাস্তাটি সোজা গোরুহাটায় মিশেছে। শহরের মূল রাস্তায় যানজট এড়াতে অনেকেই এই রাস্তাটি ব্যাবহার করেন। এই রাস্তার পাশেই আছে রেজিস্ট্রি অফিস ও শিশুদের একটি স্কুল। কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তাটির পাশে রোজ একশ্রেণির মানুষ বেআইনিভাবে বাইক পার্কিং করছে। ফলে সকাল থেকে বিকাল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে উলুবেড়িয়া আদালতের উল্টো দিকে উপ সংশোধনাগারের পাশ দিয়ে একটি রাস্তা গিয়েছে। জাতীয় সড়কে বা ফুলেশ্বর রেল স্টেশনে যাওয়ার জন্য অনেকেই এই রাস্তা ব্যবহার করেন। এই রাস্তার পাশেই আছে একটি ব্যাঙ্ক এবং স্কুল। অথচ এই রাস্তার পাশেও অনেকে বেআইনি পার্কিং করে রাখেন। ফলে এই রাস্তা ব্যবহার করতে গিয়েও তীব্র সমস্যায় পড়তে হয়। নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের অভিযোগ, দু’টি রাস্তার পাশে এমনভাবে বাইক পার্কিং করা থাকে যাতে অটো-টোটো দূরে থাক, বাইক চালিয়ে যাওয়াও কষ্টকর হয়ে ওঠে।
পুজোর সময় শহরের মূল রাস্তায় যানজট থাকলেও বেআইনি বাইক পার্কিংয়ের দাপটে মানুষ এই রাস্তা দু’টি ব্যবহার করতে পারে না। এলাকাবাসীর বক্তব্য, মাঝে একবার প্রশাসনের পক্ষ থেকে বেআইনি পার্কিং বন্ধে নোটিশ দেওয়া হয়। তখনকার মতো উন্নতি হলেও কয়েকদিন পর আবার পরিস্থিতি আগের অবস্থাতেই ফিরেছে। অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা বলেন, রাস্তার উপর কোনোভাবে বেআইনি পার্কিং করা যাবে না। এই ব্যাপারে পুলিশ দ্রুত পদক্ষেপ করবে।