নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যত্রতত্র গাড়ি পার্কিংয়ের সমস্যায় ইতি টানতে কড়া পদক্ষেপ করতে চলেছে নবান্ন। শুক্রবার কলকাতা, হাওড়া এবং বিধাননগরের পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠক শেষে কলকাতাসহ বিভিন্ন পুর এলাকায় পার্কিং সমস্যায় ইতি টানতে একগুচ্ছ পদক্ষেপের কথা জানান তিনি। এর মধ্যে অন্যতম হল, বেআইনি পার্কিং রুখতে ফাইন বা জরিমানার অঙ্ক বাড়াচ্ছে রাজ্য। একই সঙ্গে বাড়বে নাইট পেনাল্টির অঙ্কও। অর্থাৎ, রাতে রাস্তায় পার্কিংয়ের ক্ষেত্রে যথাযথ ফি না দিলে মোটা টাকা জরিমানা গুনতে হবে গাড়ির মালিককে। মন্ত্রীর সাফ বার্তা, ‘গাড়ি কিনলে পার্কিং কিনতেই হবে।’ জরিমানার অঙ্ক কতটা বাড়ছে, তা শীঘ্রই জানানো হবে বলে সূত্রের খবর। তবে শুধু পার্কিং ফি বাড়ানোই নয়, পথচারীদের নিরাপদে যাতায়াত এবং যানজট মুক্ত ট্রাফিক ব্যবস্থার লক্ষ্যে ডালহৌসি এবং রুবি মোড়ে ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা।
একই সঙ্গে রাস্তার দু’ধারের বদলে একদিকে পার্কিংয়ের ব্যবস্থা চালু করছে রাজ্য। সেক্ষেত্রেও রাজস্ব ফাঁকি এড়াতে অ্যাপভিত্তিক ক্যাশলেস পার্কিং ফি আদায়ের ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। এই অ্যাপের মাধ্যমে শহরে পার্কিং বুক করা যাবে। খুব তাড়াতাড়ি চালু হবে অ্যাপটি। প্রতিটি পার্কিং লটের কর্মীদের একইরকম ইউনিফর্ম এবং সচিত্র পরিচয়পত্র থাকবে। শীঘ্রই কলকাতা পুরসভা এলাকায় ১০ হাজার পার্কিং লটের টেন্ডার হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এমন ৪০০০ পার্কিং লট চিহ্নিত করা হয়েছে, যেখানে গাড়ি রাখা হলেও এতদিন কোনো ফি আদায় করা হত না।
এছাড়া, ফুটপাথে গাড়ি এবং বাইক রাখলেও মোটা জরিমানার মুখে পড়তে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন পুরমন্ত্রী। বৈঠকে মন্ত্রী জানিয়েছেন, অ্যাপ চালু থেকে পার্কিং সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তই কলকাতা পুরসভা এলাকা থেকে চালু হবে। পর্যায়ক্রমে তা কার্যকর হবে রাজ্যের অন্যান্য পুর এলাকায়। শহর ও শহরতলি এলাকায় পার্কিং লট বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও সমীক্ষায় উঠে এসেছে বলে জানিয়েছেন মন্ত্রী। সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন এলাকায় মাল্টিলেভেল পার্কিং লট তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। আগামী ৩০ বছরের কথা মাথায় রেখে পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা।