Bartaman Logo
২১ জুলাই, ২০২৬

রাজধানীতে রাস্তার মাঝে বেআইনি ‘মডেল’! জোর বিবাদ দুই মন্ত্রকের

দুই মন্ত্রকে বেধেছে বিবাদ। ইস্যু, রাস্তার মধ্যিখানে মডেল। তাও আবার একেবারে সংসদ ভবনের সামনে। আইনসভার বাড়ির সামনেই বেআইনি কাজ!

রাজধানীতে রাস্তার মাঝে বেআইনি ‘মডেল’! জোর বিবাদ দুই মন্ত্রকের
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুই মন্ত্রকে বেধেছে বিবাদ। ইস্যু, রাস্তার মধ্যিখানে মডেল। তাও আবার একেবারে সংসদ ভবনের সামনে। আইনসভার বাড়ির সামনেই বেআইনি কাজ! অবিলম্বে ওই মডেল সরাতে পড়েছে নোটিস। আইনানুগ ব্যবস্থারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু তাও সরছে না। সরাব না বলে একপ্রকার জেদ ধরেছে সংশ্লিষ্ট মন্ত্রক। ফলে বাড়ছে টানাপোড়েন। 

Advertisement

নতুন সংসদ ভবনের ডানদিকে রেল ভবন। বাঁদিকে অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট সোসাইটি। মুখোমুখি কৃষিভবন আর চেমসফোর্ড ক্লাব। মাঝে গোলচক্কর। যাকে পাক খেয়ে চলে গিয়েছে রফি মার্গ, রাইসিনা হিলস রোড, রাজেন্দ্র প্রসাদ মার্গ। সংসদ মার্গে যাওয়ার রাস্তাও এটি। কৃষিভবনের লাগোয়া শাস্ত্রী ভবন। সেখানেই কয়লা মন্ত্রকের সদর দপ্তর। তাই এই গোলচক্করের (রাউন্ড অ্যাবাউট) সামনে ছোট্ট একটি দ্বীপের মতো জমিতে কয়লা মন্ত্রক তৈরি করেছে গোলাকার একটি মডেল। লোহালক্কড় দিয়ে কিছুটা মোদির সাধের মেক ইন ইন্ডিয়ার প্রতীক সিংহের মতো। 
তবে এটি সিংহ নয়। কয়লাখনি কাটার আধুনিক যন্ত্রের মতো কোনও মডেল। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের আগেই এটির মোড়ক খুলে পথ চলতি সাধারণের দর্শনের পরিকল্পনা হয়েছিল। সম্ভ্রান্ত এলাকা ল্যুটিয়েন্স দিল্লিতে রাস্তার মাঝে মাঝেই রয়েছে গোলচক্কর। চারপাশে ঘিরে চলে গাড়ি। আর গোলচক্করটি সাজানো বাগানে। মরশুমি ফুলে। গত বছর থেকে সৌন্দর্যায়নের নামে সেখানে তৈরি হচ্ছে নানা মডেল। কোথাও হাতি, কোথাও নৃত্যরত নারী, কোথাও মডার্ন আর্টস। 
সেরমকই কয়লা মন্ত্রকের মডেল বসানো হয়েছে সংসদ ভবনের একেবারে সামনে। সিমেন্টের বেদিতে বাঁধানো। কিন্তু তারই গায়ে নোটিস লাগিয়ে দিয়েছে নগরোন্নয়ন মন্ত্রকের অধীন এনডিএমসি (নিউ দিল্লি মিউসিপ্যাল কাউন্সিল)। কয়লা মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি বিজয় সামন্তর নাামে নোটিস জারি করেছেন এনডিএমসি’র অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার মনোজ কুমার গুপ্তা। নোটিসে স্পষ্ট করে বলা হয়েছে, অনুমোদন না নিয়েই ওই বেআইনি স্থাপত্য বসানো হয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে সরিয়ে নিন। নাহলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু নোটিস পড়ার সপ্তাহ পার। সরেনি মডেল। কয়লা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তারা ওটি সরাতে চায় না। দেখতে চায় নগরোন্নয়ন মন্ত্রক কী করে। অর্থাৎ মোদি সরকারের দুই মন্ত্রকের মধ্যে শুরু হয়েছে চাপা টানাপোড়েন। ফলে ওয়াকিবহাল মহলে উঠছে প্রশ্ন, সংসদের নাকের ডগায় বেআইনি নির্মাণ বিনা অনুমোদনে হল কী করে? আর মডেল বসলও যদি, নজরে আসার পর সরছে নাই বা কেন? 

Advertisement
সম্পর্কিত সংবাদ