Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্যাসের অবৈধ কারবার, দুশোর বেশি সিলিন্ডার বাজেয়াপ্ত

শিবদাসপুরের ভবাগাছি এলাকায় বেআইনি গ্যাস গোডাউনে হানা দিয়ে দুশোর বেশি বাণিজ্যিক ও পারিবারিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করল পুলিস।

গ্যাসের অবৈধ কারবার, দুশোর বেশি সিলিন্ডার বাজেয়াপ্ত
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শিবদাসপুরের ভবাগাছি এলাকায় বেআইনি গ্যাস গোডাউনে হানা দিয়ে দুশোর বেশি বাণিজ্যিক ও পারিবারিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করল পুলিস। গোডাউনের বিরুদ্ধে অভিযোগ, বাণিজ্যিক সিলিন্ডারে বেআইনিভাবে গ্যাস ভরে তা বাজারে বিক্রি করা হতো। পলাতক গোডাউনের মালিক। 

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবসতি পূর্ণ এলাকার মধ্যে গত কয়েক মাস ধরে বেআইনিভাবে গ্যাস গোডাউনটি চলছিল। বাজার থেকে ১৯ কেজির ফাঁকা বাণিজ্যিক সিলিন্ডার সংগ্রহ করে এনে গৃহস্থের সিলিন্ডার থেকে গ্যাস ভরে তা কম দামে বিক্রি করা হচ্ছিল।  
এরফলে বাজারে গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারে যেমন ঘাটতি দেখা দিচ্ছে তেমনি ক্ষতি হচ্ছে সরকারের রাজস্বও। অভিযোগ, বাজার থেকে কমপক্ষে ৩০-৩৫ শতাংশের কমে বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। বাসিন্দাদের কথায়, টিনে ঘেরা গোডাউনে চলছিল বেআইনি কারবার। শুধু বাণিজ্যিক সিলিন্ডার রিফিলিং নয়, অটোতেও একইভাবে বেআইনি পদ্ধতিতে গ্যাস রিফিলিং করা হচ্ছিল। বিষয়টি নিয়ে তারা কয়েকবার আপত্তিও জানান। কারণ বেআইনি পদ্ধতিতে যেভাবে গ্যাস রিফিলিং করা হচ্ছিল তাতে কোনওরকম ভাবে যদি বিস্ফোরণ ঘটে যেত তাহলে বড় বিপদ ঘটতে পারত। আশঙ্কার কথা জানিয়েও কোনও লাভ হয়নি। তবে অবশেষে শিবদাসপুর থানার পুলিসের কাছে আসা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পুলিস ওই বেআইনি গোডাউনে তল্লাশি চালিয়ে দু’শোর বেশি বাণিজ্যিক ও গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করে। পালিয়ে যায় ওই গোডাউনের মালিক সহ তাঁর সাগরেদরা। পুলিস তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। শুধু শিবদাসপুর নয়, জেলার বিভিন্ন প্রান্তে বেআইনি এই গ্যাসের কারবার চলছে বলে অভিযোগ। মাস খানেক আগে আমডাঙাতেও এরকমই একটি বেআইনি গ্যাস গোডাউনে বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে এলাকা।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ