Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / খেলা

ফরাসি ওপেন থেকে বিদায় অসুস্থ সিনারের

গরমে ঝলসে গেল জানিক সিনারের কেরিয়ার স্ল্যামের স্বপ্ন। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডেই বাজল শীর্ষ বাছাইয়ের বিদায় ঘণ্টা।

ফরাসি ওপেন থেকে বিদায় অসুস্থ সিনারের
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০

প্যারিস: গরমে ঝলসে গেল জানিক সিনারের কেরিয়ার স্ল্যামের স্বপ্ন। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডেই বাজল শীর্ষ বাছাইয়ের বিদায় ঘণ্টা। রোলাঁ গারো সাক্ষী হল টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম বড় অঘটনের। অবাছাই খেলোয়াড় হুয়ান ম্যানুয়াল সেরুন্দোলোর কাছে থামল ক্লে-কোর্টে ইতালিয়ান তারকার টানা ১৮টি ম্যাচে জয়ের দৌড়। অথচ প্রথম দুই সেটে সিনারের আধিপত্য ছিল স্পষ্ট। বিশ্বের ৫৬ নম্বর প্রতিপক্ষকে ৬-৩, ৬-২ সেটে উড়িয়ে দিতে সময় লেগেছিল যথাক্রমে ৩৬ ও ৪৬ মিনিট। এমনকি তৃতীয় সেটেও, পরপর দু’টি সার্ভিস ব্রেক করে এগিয়ে গিয়েছিলেন ৫-২ গেমে। মনে হচ্ছিল, তৃতীয় রাউন্ডের টিকিট পাওয়া সিনারের কাছে স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু স্ট্রেট সেটে জয় থেকে মাত্র এক গেম দূরে আচমকা বিদ্রোহ ঘোষণা করল শরীর। বেশ কিছুক্ষণ শুশ্রুষার পর কোর্টে ফিরে আপ্রাণ চেষ্টা চালিয়েও শেষরক্ষা হয়নি। ৬-৩, ৬-২, ৫-৭, ১-৬, ১-৬ সেটে হেরে কোর্ট ছাড়েন ২৪ বছরের ইতালিয়ান তারকা।

Advertisement

সিনারের কেবিনেটে শোভা পাচ্ছে ৪টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জয় ছাড়াও স্বাদ পেয়েছেন উইম্বলডন এবং ইউএস ওপেনের। কিন্তু ফরাসি ওপেন এখনও তাঁর কাছে অধরা। সেই অভাব ঢেকে কেরিয়ার স্ল্যাম পূর্ণ করার লক্ষ্যে প্যারিসে পা রেখেছিলেন তিনি। সাম্প্রতিক দুরন্ত ফর্মের পাশাপাশি রোলাঁ গারোয় এবার আলকারাজের অনুপস্থিতি উস্কে দিয়েছিল অনুরাগীদের প্রত্যাশা। কিন্তু কে জানত, তাঁর সামনে এভাবে বাধা হয়ে দাঁড়াবে প্যারিসের ৩৩ ডিগ্রি তাপমাত্রা! তৃতীয় সেটের মাঝপথে প্রচণ্ড অস্বস্তিবোধ করতে থাকেন তিনি। প্রতিটি র‌্যালির পর দাঁড়িয়ে পড়েন কোমরে হাত দিয়ে। শেষ পর্যন্ত চেয়ার আম্পয়োরের কাছে মেডিকেল ব্রেক চান সিনার। চিকিৎসকদের প্রচেষ্টাও তাঁকে আর সেরা ফর্মে ফিরিয়ে আনতে পারেনি। জয়ের দোরগোড়ায় পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলেন তিনি। সুযোগের সদ্ব্যবহার করে সেটটি ৫-৭ ব্যবধানে দখল করেন সেরুন্দোলোর। পরের দুই সেটে সিনারের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তবুও হাল ছাড়েননি। শেষ দু’টি সেট ১-৬, ১-৬ ব্যবধানে হাতছাড়া করার মধ্যে ফুটে ওঠে বিশ্বের এক নম্বর তারকার চরম অসহায়ত্ব।
প্যারিসের সুরকির কোর্টে ইন্দ্রপতনের দিনে মসৃণ জয় পেয়েছেন পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় বাছাই আলকজান্ডার জেরেভ। তৃতীয় রাউন্ডে ওঠার পথে তিনি ৬-৪, ৬-২, ৬-২ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন অবাছাই চেক খেলোয়াড় টমাস মাচাককে। মহিলাদের সিঙ্গলসে এগিয়েছেন অ্যারিনা সাবালেঙ্কা ও কোকো গফ। দ্বিতীয় রাউন্ডে শীর্ষ বাছাই সাবালেঙ্কা ৭-৫, ৬-২ স্ট্রেট সেটে জেতেন এলসা জ্যাকুয়েমতের বিরুদ্ধে। চতুর্থ বাছাই গফ ৬-৩, ৬-২ সেটে হারান মায়ার শেরিফকে। এছাড়াও জয় পেয়েছেন ষষ্ঠ বাছাই আমান্দা আনিসিমোভা।

সম্পর্কিত সংবাদ