Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চার মাসে বিমান তৈরি, বিশ্বমঞ্চে নজর কাড়ল খড়গপুর আইআইটির পড়ুয়ারা

খড়গপুর থেকে প্রায় আট হাজার মাইল দূরে আমেরিকার কানসাসের উইচিটা। হাতে সময় মাত্র চার মাস

চার মাসে বিমান তৈরি, বিশ্বমঞ্চে নজর কাড়ল খড়গপুর আইআইটির পড়ুয়ারা
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: খড়গপুর থেকে প্রায় আট হাজার মাইল দূরে আমেরিকার কানসাসের উইচিটা। হাতে সময় মাত্র চার মাস। সেই অল্প সময়ের মধ্যেই আস্ত একটি বিমান তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়লেন খড়গপুর আইআইটির ২১ জন পড়ুয়ার একটি দল। সম্প্রতি আমেরিকায় অনুষ্ঠিত ‘এআইএএ ডিজাইন/বিল্ড/ফ্লাই’ প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই বিশ্বে ৩৯তম এবং এশিয়ায় পঞ্চম স্থান অর্জন করেছে খড়্গপুর আইআইটির এই দলটি।

Advertisement

এই প্রতিযোগিতায় ১২টি দেশের ৯৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ১৭৯ প্রতিযোগী অংশ নেন। সেখানে প্রথমবার অংশ নিয়েই খড়গপুর আইআইটির এই দলটি শুধু সাফল্যই পায়নি, ভারতীয় দলগুলির মধ্যে সর্বোচ্চ স্কোরও করেছে। মাত্র চার মাসে বিমানের নকশা তৈরি থেকে শুরু করে নির্মাণ, পরীক্ষণ এবং চূড়ান্ত উড়ান— প্রতিটি ধাপই সফলভাবে সম্পন্ন করেন পড়ুয়ারা। এয়ারোডায়নামিক্স, স্ট্রাকচার, প্রপালশন, এভিওনিক্স, সিএডি এবং নির্মাণ— বিমানের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাঁরা হাতেকলমে কাজ করেছেন। স্বল্প সময়ের মধ্যে দলগত প্রচেষ্টা এবং ব্যবহারিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি তাঁদের আগ্রহই এই সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছে খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার খড়্গপুর আইআইটির জনসংযোগ আধিকারিক প্রতীক দামা জানান, এই দলটির মেন্টর হিসেবে হিসেবে ছিলেন অধ্যাপক অর্ণব রায়, অনুপ ঘোষ, নবকুমার পেয়াদা, অধ্যাপক সন্দীপ সাহা এবং অধ্যাপক সোমেশ কুমার। পাশাপাশি এমএনএফআইসি, আইআইটি খড়গপুর ফাউন্ডেশন এবং অর্জুন মালহোত্রর সহযোগিতাও ছিল। তিনি এও বলেন, প্রতিষ্ঠানের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তীর উৎসাহ ও সহযোগিতাও পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। পড়ুয়াদের তরফে জানানো হয়েছে, এই সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে খড়্গপুর আইআইটির এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং এরিয়াল রোবোটিক্স খড়্গপুর (এআরকে) ল্যাবের। ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, ‘এই সাফল্য শুধু একটি র‌্যাঙ্কিং নয়। বরং আন্তর্জাতিক স্তরে নতুন এক সম্ভাবনার সূচনাও হল খড়্গপুর আইআইটির পড়ুয়াদের হাত ধরে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ