Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে তারাপীঠে এখনও অটো থেকে দেদার তোলা হচ্ছে টাকা, তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির

মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে তারাপীঠে অটো স্ট্যাণ্ডগুলি থেকে থেকে টাকা তোলা হচ্ছে। এমনই অভিযোগ বিজেপির। ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি বলে দাবি তাঁদের।

মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে তারাপীঠে এখনও অটো থেকে দেদার তোলা হচ্ছে টাকা, তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে তারাপীঠে অটো স্ট্যাণ্ডগুলি থেকে থেকে টাকা তোলা হচ্ছে। এমনই অভিযোগ বিজেপির। ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি বলে দাবি তাঁদের। অবিলম্বে তোলা আদায় বন্ধের পাশাপাশি একাজে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুলছেন এলাকার বিজেপি নেতা নিখিল বন্দ্যোপাধ্যায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আইএনটিটিইউসি নেতা প্রেমানন্দ মণ্ডল। 

Advertisement

নিত্যদিন ভিনরাজ্যের পর্যটকরা তারাপীঠে আসা যাওয়া করেন। যাঁদের একটা বড় অংশ রামপুরহাট স্টেশনে নেমে অটো বা ট্রেকার ধরে তারাপীঠে যান। ফেরার পথেও এই দুই যানবাহন ধরে রামপুরহাটে আসেন। কয়েকশো টোটো চলাচল করে এই রুটে। রামপুরহাট থানার অধীনে আটলা মোড়, তারাপীঠের ভিতর ও তিনমাথা মোড় মিলিয়ে প্রায় চারটি অটো স্ট্যাণ্ড রয়েছে। অভিযোগ, তারাপীঠ অটো ইউনিয়ন নামে কুপন ছাপিয়ে অটোর ট্রিপ প্রতি তোলা হচ্ছে দশ টাকা করে। এর জেরেই বিতর্ক তৈরি হয়েছে। 
গত সোমবার বিধায়ক ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে প্রথম দিন থেকেই দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষ্কার জানিয়েছেন, সব এলাকায় সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। অটো, টোটো স্ট্যান্ড থেকে কুপন ছাপিয়ে টাকা তোলা বন্ধ। কিন্তু তারপরও শনিবার তারাপীঠের অটো স্ট্যান্ডগুলি থেকে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতা নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল নেতাদের প্রত্যক্ষ মদতে এই তোলা আদায় এখনও চলছে। অথচ সর্বত্র তোলাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এরা পুরনো অভ্যেস ত্যাগ করতে পারছে না। রামপুরহাট ও তারাপীঠ দুই থানা এলাকাতেই অটো থেকে তোলা আদায় বন্ধ করতে হবে পুলিশকে। 
বিজেপির  আরও অভিযোগ, পুরোপুরি বেআইনি ভাবে কয়েকশো গাড়ি থেকে প্রতিদিন কয়েক হাজার টাকা তোলা হচ্ছে। এই বিপুল টাকার কোনো হিসেব নেই। সারা রাজ্যে এভাবেই ইউনিয়নের নামে লক্ষ লক্ষ টাকা ‘তোলা’ তুলছে তৃণমূল। তারাপীঠও তার ব্যতিক্রম নয়।
আইএনটিটিইউসি নেতা প্রেমানন্দ মণ্ডল বলেন, অটো থেকে টাকা তোলার বিষয়টি জানা নেই। আইএনটিটিইউসির কোনও ইউনিয়ন নেই। মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। 
অন্যদিকে তারাপীঠ অটো ইউনিয়নের সম্পাদক কমল লেট বলেন, এটা অটো চালকদের ইউনিয়ন। কোনও রাজনৈতিক দল এর সঙ্গে যুক্ত নেই। অটো স্ট্যাণ্ডগুলিতে লাইন মেইনটেন করার জন্য চারজন কর্মী রয়েছেন। এছাড়া সম্পাদক মিলিয়ে প্রতিদিন সাড়ে তিনশো টাকা করে মজুরি দিতে হয়। তাই দশ টাকা করে নিই। মজুরি মিটিয়ে যা বাঁচে তা ইউনিয়নের অ্যাকাউন্টে জমা হয়। কোনও গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে প্রাথমিক সাহায্য করা হয় এই ফাণ্ড থেকেই। পুলিশ থেকে আরটিও সবাই জানে এটা। যদিও পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি জানে না। খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা হবে।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ