Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ব্রাজিল ম্যাচের টিকিট চেয়ে ফেডারেশনকে চিঠি আইএফএ’র

আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা ফ্রেন্ডলিতে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত।

ব্রাজিল ম্যাচের টিকিট চেয়ে ফেডারেশনকে চিঠি আইএফএ’র
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা ফ্রেন্ডলিতে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দেখার জন্য শহরবাসীদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে। ইতিমধ্যেই টিকিটের খোঁজ চলছে। এই পরিস্থিতিতে সংস্থার অধীনে থাকা ক্লাবগুলির জন্য কমপ্লিমেন্টরি টিকিট চেয়ে আগেভাগেই ফেডারেশনকে চিঠি দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেন, ‘কোনো স্বার্থ ছাড়াই সারা বছর ফুটবলের জন্য নিজেদের নিয়োজিত করেন ক্লাব অফিসিয়ালরা। তাই তাঁদের আত্মত্যাগের কথা মাথায় রেখে প্রতিটি ক্লাবের সচিব ও সভাপতিকে একটি করে কমপ্লিমেন্টরি টিকিট দেওয়ার জন্য ফেডারেশনকে অনুরোধ করছি।’ একইসঙ্গে কোনো ক্লাব সদস্য যদি টিকিট কিনতে চান তাহলে অন্তত অর্থের বিনিময়ে প্রি-বুকিংয়ের সুযোগ করে দেওয়ার জন্যও আবেদন করা হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় ফুটবলের প্রতি অবদানের কথা মাথায় রেখে কলকাতার প্রাক্তন খেলোয়াড়দের জন্য কোনোভাবে কমপ্লিমেন্টরি টিকিট দেওয়া সম্ভব কি না, সেই বিষয়েও বিবেচনার জন্য ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের কাছে অনুরোধ করেছেন আইএফএ সচিব।

Advertisement

এদিকে, ডুরান্ড কাপ শেষ হলেই কলকাতা লিগের ডার্বি আয়োজন করতে তৎপর আইএফএ। সূত্রের খবর, চলতি মাসের শেষেই বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে হতে পারে বড়ো ম্যাচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ