Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

শিল্ডের রেপ্লিকা দিয়ে ভিনিদের স্বাগত জানাবে আইএফএ

বেলা বাড়ার সঙ্গেসঙ্গে বাড়ছে অস্বস্তি। আশ্বিনের শুরুতেও সূর্যের তেজ বৈশাখের মতো। শনিবার কি তেমনই উত্তাপ দেখা যাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে?

শিল্ডের রেপ্লিকা দিয়ে ভিনিদের স্বাগত জানাবে আইএফএ
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: বেলা বাড়ার সঙ্গেসঙ্গে বাড়ছে অস্বস্তি। আশ্বিনের শুরুতেও সূর্যের তেজ বৈশাখের মতো। শনিবার কি তেমনই উত্তাপ দেখা যাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে? টিকিট কাটার হার তেমন আশাপ্রদ না হলেও এই মেগা ম্যাচ আয়োজনে ত্রুটি রাখতে নারাজ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আজ শহরে পা রাখবেন ভিনিসিয়াস জুনিয়ররা। শনিবার যুবভারতীতে ভারতীয় দলের বিরুদ্ধে মাঠে নামবে কার্লো আনসেলোত্তি ব্রিগেড। তার আগে পাঁচবারের বিশ্বকাপজয়ীদের আপ্যায়নে খামতি রাখতে নারাজ কল্যাণ চৌবেরা। শুক্রবার আয়োজন করা হচ্ছে ‘গালা ডিনার’।  উপস্থিত থাকবেন শহর তথা রাজ্যের নামী ব্যক্তিত্বরা। বুধবারই আমন্ত্রণ পেয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সঙ্গেসঙ্গে শুরু হয়েছে তৎপরতা। ভারতীয় ফুটবলের মক্কায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানানোর জন্য তৈরি হচ্ছে আএফএ। ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের রেপ্লিকা ব্রাজিল দলের হাতে তুলে দিতে চান কর্তারা। 

Advertisement

শারদোৎসবের আবহে কলকাতায় চলছে শিল্ডের খেলা। এমন সময়েই শহরে আসছে আনসেলোত্তি ব্রিগেড। তাই উপহারের মাধ্যমে ফুটবল ও দুর্গাপুজার মেলবন্ধন ঘটানো হয়েছে। সূত্রের খবর, গালা ডিনারে থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ম্যাচের দিন অর্থাৎ শনিবার প্রাক্তন ফুটবলারদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। দেখা যেতে পারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকেও। তবে টিকিটের বিশাল দাম হতাশ করেছে ফুটবলপ্রেমীদের। পুজোর আগে প্রাপ্ত বোনাসের অর্থ ব্রাজিল ম্যাচ দেখার জন্য খরচ করতে নারাজ অনেকেই। তাই টিকিটের দাম কমানোর পরিকল্পনা রয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ