Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

স্পনসর জোগাড় না হলেও শিল্ড আয়োজনে উদ্যোগী আইএফএ

ভারতীয় ফুটবলে ব্লু রিবনের অন্যতম আইএফএ শিল্ড। নয়াদিল্লির বদলে ডুরান্ড এখন কলকাতা

স্পনসর জোগাড় না হলেও শিল্ড আয়োজনে উদ্যোগী আইএফএ
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলে ব্লু রিবনের অন্যতম আইএফএ শিল্ড। নয়াদিল্লির বদলে ডুরান্ড এখন কলকাতা। রোভার্স বন্ধ। এবার শিল্ডের গরিমা ফিরিয়ে আনতে মরিয়া আইএফএ। সূত্রের খবর, আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে ঐতিহ্যশালী আইএফএ শিল্ড। জানা গিয়েছে, ফেডারেশনের পক্ষ থেকে টুর্নামেন্ট আয়োজনের জন্য ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত স্লট পেয়েছে বঙ্গীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ইতিমধ্যেই টুর্নামেন্টের ছ’টি দল চূড়ান্ত। ইস্ট বেঙ্গল, মোহন বাগান, মহমেডান স্পোর্টিং ছাড়া অংশ নিতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি ও শ্রীনিধি ডেকান। দু’টি সেরা দু’টি দল ফাইনাল খেলবে। গ্রুপ লিগে কলকাতার তিন প্রধান ম্যাচ খেলতে পারে নিজেদের মাঠে। বৈধ কার্ড দেখিয়ে যাতে সদস্যরা ম্যাচ দেখতে পারেন সে বিষয়ে সচেষ্ট বঙ্গ ফুটবল সংস্থা।। তবে ঐতিহ্যশালী টুর্নামেন্টের জন্য এখনও স্পনসর মেলেনি। তবে আইএফএ সচিব আশাবাদী, সমস্যা দ্রুত মিটবে।

Advertisement

আইএসএল শুরুর আগে শিল্ডে আরও একবার নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে ইস্ট বেঙ্গল, মোহন বাগান, নর্থ ইস্ট ও পাঞ্জাব। এছাড়া ইন্ডিয়ান ফুটবল লিগে অংশ নিতে চলা শ্রীনিধি ডেকান ও মহমেডানের কাছেও প্রস্তুতির মঞ্চ হতে পারে এই টুর্নামেন্ট। ইতিমধ্যেই প্রীতম কোটাল, নিশু কুমার, জেরিদের মতো ফুটবলারকে সই করিয়েছে শ্রীনিধি। মহমেডানও নতুন কিছু ফুটবলার দলে নিতে পারে। অন্যদিকে, পাঞ্জাব এফসিতে যোগ দিয়েছেন মেসি বাউলি।   
এদিকে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই হতে পারে ঘরোয়া লিগের ডার্বি। আপাতত ৫ সেপ্টেম্বরকে মাথায় রেখেই যাবতীয় প্রস্তুতি সারছে আইএফএ। এবারের লিগের ডার্বি আয়োজিত হবে বারাসত স্টেডিয়ামে। কয়েকদিন আগেই মাঠ ও গ্যালারি পরিদর্শনে গিয়েছিলেন সংস্থার সচিব অনির্বাণ দত্ত। সবকিছু দেখে সন্তুষ্ট তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি লিগের ম্যাচও হয়ে গিয়েছে সেখানে। তাই এবার ডার্বির জন্য সেজে উঠছে বারাসতের বিদ্যাসাগর স্টেডিয়াম। পুলিশের পক্ষ থেকে সবুজ সংকেত মেলার পরই চূ‌ড়ান্ত দিন ঘোষণা করবে বঙ্গীয় ফুটবলের নিয়ামক সংস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ