Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নৈহাটির ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরতে গেলে হাঁটতে হচ্ছে এক কিলোমিটার!

যাত্রীদের সুবিধার্থে কয়েক মাস আগে নৈহাটি স্টেশনে চালু হয়েছে নতুন একটি প্ল্যাটফর্ম (৬ নম্বর)। নিত্যযাত্রীরা ভেবেছিলেন, এর ফলে ট্রেনে ওঠা-নামা সহ বেশ কিছু ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু কোথায় কী! উল্টে কার্যত ভোগান্তি বেড়েছে!

নৈহাটির ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরতে গেলে হাঁটতে হচ্ছে এক কিলোমিটার!
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: যাত্রীদের সুবিধার্থে কয়েক মাস আগে নৈহাটি স্টেশনে চালু হয়েছে নতুন একটি প্ল্যাটফর্ম (৬ নম্বর)। নিত্যযাত্রীরা ভেবেছিলেন, এর ফলে ট্রেনে ওঠা-নামা সহ বেশ কিছু ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু কোথায় কী! উল্টে কার্যত ভোগান্তি বেড়েছে! 

Advertisement

নৈহাটির রেলযাত্রীদের কাছে এখন আতঙ্কের আর এক নাম ৬ নম্বর প্ল্যাটফর্ম! কারণ, যাত্রীদের এই প্ল্যাটফর্মে আসতে কমপক্ষে এক কিলোমিটার হাঁটতে হচ্ছে। মসৃণ রাস্তা দিয়ে হেঁটে যাওয়া নয়, এই পথে থাকছে সুউচ্চ একটি ফুট ওভারব্রিজ। নৈহাটি পুরসভা কার্যালয়ের দিক দিয়ে যাত্রীদের একটা বড় অংশ প্ল্যাটফর্মে ওঠে। সেখান থেকে একটি প্ল্যাটফর্ম প্রায় পুরোটা হেঁটে গিয়ে ফুট ওভারব্রিজ ধরে পৌঁছতে হয় নয়া প্ল্যাটফর্মে। নৈহাটি লোকাল আগে সাধারণত ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালেও এখন বেশিরভাগ সময়েই ৬ নং প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে। যাত্রীদের সেখানে পৌঁছতে রীতিমতো জেরবার হতে হচ্ছে। ভুক্তভোগী যাত্রী থেকে শহরবাসীর দাবি, স্টেশনে আরও একটি ফুট ওভারব্রিজ তৈরি করা হোক। সেক্ষেত্রে ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছনোর ধকল কিছুটা হলেও কমবে। নৈহাটি লোকালের নিত্যযাত্রীরা তো বটেই, অন্য কোনও ট্রেন ওই প্ল্যাটফর্মে দিলেও একইরকম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় যাত্রীদের। তাঁরা বলছেন, একটা প্ল্যাটফর্ম তৈরি হল, কিন্তু সেখানে যাতায়াতের কোনও ব্যবস্থা করা হল না। দু’দিকে দু’টি ওভারব্রিজ করার দরকার ছিল। সীমা বিশ্বাস নামে এক নিত্যযাত্রী বলেন, ‘ওই প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরতে আমাদের তো রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে। হাঁপাতে হাঁপাতে গিয়ে ট্রেন ধরতে হয়। এখানে রেলের পরিকল্পনার অভাব স্পষ্ট।’  
নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, ‘আমাকে বহু মানুষ জানিয়েছেন এই সমস্যার কথা। একটি মাত্র ফুট ওভারব্রিজ দিয়ে ওই প্ল্যটফর্ম স্টেশনের বাকি অংশের সঙ্গে যুক্ত। ক’দিন আগে একজন যাত্রী ওই প্ল্যাটফর্মে ট্রেন ধরতে দৌড়ে যাওয়ার সময় শ্বাসকষ্টে মারা যান বলে শুনেছি। একটি আন্ডারপাস থাকলেও কাজে লাগানো হচ্ছে না। একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে সেখানে।’ রেল ও স্টেশন কর্তৃপক্ষের তরফে অবশ্য বলা হচ্ছে, মডেল স্টেশন হিসেবে সেজে উঠছে নৈহাটি। সব সমস্যাই মিটে যাবে আস্তে আস্তে।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ