Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিকে অঙ্কে স্কুলে সর্বাধিক পেলে মিলবে স্কলারশিপ, টাকা দিলেন শিক্ষক

অঙ্ক নিয়ে উচ্চশিক্ষায় ভবিষ্যৎ গড়তে আগ্রহী! তাহলে মিলবে স্কলারশিপ। তার জন্য মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে স্কুলে সর্বাধিক নম্বর পেতে হবে।

মাধ্যমিকে অঙ্কে স্কুলে সর্বাধিক পেলে মিলবে স্কলারশিপ, টাকা দিলেন শিক্ষক
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দেবজ্যোতি সাহা, তুফানগঞ্জ: অঙ্ক নিয়ে উচ্চশিক্ষায় ভবিষ্যৎ গড়তে আগ্রহী! তাহলে মিলবে স্কলারশিপ। তার জন্য মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে স্কুলে সর্বাধিক নম্বর পেতে হবে। এমনই স্কলারশিপ পাবে কোচবিহার জেলার নাটাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের ভেলাপেটা হাইস্কুলের পড়ুয়ারা। এজন্য সদ্য অবসর নেওয়া সহকারী শিক্ষক প্রেমেন্দ্রমোহন সরকার স্কুলকে দিয়েছেন ৫০ হাজার টাকা। সেই টাকাই করা হয়েছে ফিক্সড ডিপোজিট। যে সুদ মিলবে, সেটাই সরাসরি স্কলারশিপ হিসেবে পাবে মাধ্যমিকে অঙ্কে সর্বাধিক নম্বর পাওয়া পড়ুয়া। 
শিক্ষকতা জীবন থেকে গত মাসে অবসর গ্রহণ করেছেন প্রেমেন্দ্রমোহন সরকার। স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতেই এমন অভিনব উদ্যোগ গ্রহণ  করেছেন গণিতের প্রাক্তন এই শিক্ষক। অবসরের পর স্কুলের একটি তহবিলে অর্থ দান করেছেন তিনি। সেই টাকা থেকেই আগামী বছর থেকে মাধ্যমিকে অঙ্কে সর্বাধিক নম্বর প্রাপক ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হবে ‘পিএম সরকার মেধা স্মৃতি স্কলারশিপ’। 
বিষয়টি জানাজানি হতেই শিক্ষকের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে সমাজের সকল স্তরের মানুষ। তুফানগঞ্জ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের উদয় রোডের বাসিন্দা প্রেমেন্দ্রমোহন। তুফানগঞ্জ-১ ব্লকের নাটাবাড়ি ভেলাপেটা হাইস্কুলে ১৯৯৬ সালে শিক্ষকতার কাজে যোগ দেন। টানা প্রায় তিন দশক শিক্ষকতা জীবন এই স্কুলকে কেন্দ্র করেই অতিবাহিত করেন তিনি। গত ৩০ জুন চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন প্রেমেন্দ্রমোহন। তারপরই স্কুলের উন্নয়ন তাহবিলে দান করেন ৫০ হাজার টাকা। 
এ ব্যাপারে প্রেমেন্দ্রমোহন বলেন, দীর্ঘদিন এই স্কুলে কাটিয়েছি। অবসর নিলেও যেন স্কুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন না হয়, সেজন্যই এই চিন্তাভাবনা। কর্মজীবনের সামান্য কিছু সঞ্চয় স্কুলের তহবিলে তুলে দিতে পেরে ভালো লাগছে। যাতে মাধ্যমিক পড়ুয়ারা স্কুলের নাম আরও উজ্জ্বল করে, সেজন্যই এই উদ্যোগ। 
ভেলাপেটা হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ দাস বলেন, কর্মজীবনে অবসরের দিন আসা স্বাভাবিক বিষয়। তবে প্রেমেন্দ্রমোহনবাবুর এমন উদ্যোগ সকলের মন জয় করে নিয়েছে। যা আগামী দিনে অন্যান্য শিক্ষক, শিক্ষিকাকেও উৎসাহিত করবে। শিক্ষানুরাগী তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রতনকুমার গঙ্গোপাধ্যায় বলেন, ওই শিক্ষকের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। তাঁর এমন কাজ সকলকে অনুপ্রাণিত করবে। 

Advertisement

 প্রেমেন্দ্রমোহন সরকার। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ