নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রথম চাকরিতে যদি মাসে ২৫ হাজার টাকার বেশি বেতনে কোনো কর্মচারী কাজে যোগ দেন, তাহলে তিনি পিএফ পেনশন প্রকল্পের আওতায় থাকবেন না। অর্থাৎ, ওই কর্মচারী এমপ্লয়িজ পেনশন স্কিমের (ইপিএস) আওতায় থাকবেন না। শনিবার বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এসংক্রান্ত নিয়ম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। তারা জানিয়েছে, বেতন সীমা বিষয়ক ইপিএফওর নতুন নিয়ম চালুর পর এনিয়ে যাতে কোনো বিভ্রান্তি না থাকে, সেই লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানের কর্মচারীদের উদ্দেশে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন জানিয়েছে, যেহেতু প্রথম চাকরিতে মাসে ২৫ হাজার টাকার বেশি বেতনে যোগ দেওয়া কর্মীরা ইপিএসের আওতায় থাকবেন না, সেই কারণে নিয়মমতো সংস্থা কর্তৃপক্ষ তাদের মাস মাইনে থেকে এই খাতে কন্ট্রিবিউশনও কাটতে পারবে না। যদি এমন কোনো কর্মচারী দেখেন, তাঁর বেতন থেকে নিয়মিতভাবে ইপিএসের কন্ট্রিবিউশনও কেটে নেওয়া হচ্ছে, তাহলে তিনি যেন অবিলম্বে ইপিএফওতে অভিযোগ জানান। এবিষয়ে ওই কর্মচারীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করতে বলা হয়েছে।
সম্প্রতি বাধ্যতামূলক কর্মী পিএফের বেতন সীমা সংক্রান্ত নিয়মে বড়োসড়ো পরিবর্তন করেছে মোদি সরকার। এসংক্রান্ত ঊর্ধ্বসীমার পরিমাণ আগে ছিল মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা। গত ১৭ সেপ্টেম্বর থেকে তা বৃদ্ধি করে মাসে সর্বাধিক ২৫ হাজার টাকা করা হয়েছে। ফলে দেশব্যাপী বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানের অতিরিক্ত প্রায় ৫১ লক্ষ কর্মচারী উপকৃত হবেন বলে দাবি শ্রমমন্ত্রকের।
ইপিএফওর আওতাভুক্ত দেশের বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানের যেসব কর্মী শর্তসাপেক্ষে বাধ্যতামূলক ইপিএফ পরিষেবা পান, তাঁদের ‘এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনে’র ১২ শতাংশ থেকে ৩.৬৭ শতাংশ জমা পড়ে পিএফ খাতে। ৮.৩৩ শতাংশ প্রদেয় অর্থ জমা পড়ে কর্মী পিএফ পেনশন প্রকল্প বা ইপিএস অ্যাকাউন্টে। পদোন্নতির ফলে ধাপে ধাপে কোনো কর্মীর বেতন ইপিএফও নির্ধারিত ঊর্ধ্বসীমার বেশি হয়ে গেলে পিএফ পরিষেবা প্রাপ্তির বিষয় তাঁর ক্ষেত্রে ঐচ্ছিক হয়ে যায়। অর্থাৎ, আর বাধ্যতামূলক থাকে না। কিন্তু প্রথম চাকরিতেই যেসব কর্মী ইপিএফও নির্ধারিত বেতন সীমার অধিক মাইনে পেয়ে সংস্থায় যোগ দেন, তাঁদের নিয়ে হয় বিভ্রান্তি। ইপিএফও জানিয়েছে, তা কাটাতেই পদক্ষেপ করা হয়েছে।