Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ব্যাংকে না গেলে মিলবে না পেনশন! ৯০ বছরের বৃদ্ধাকে পিঠে চাপিয়ে প্রায় ৯ কিমি পাড়ি মহিলার

মাসের শেষে ব্যাংক থেকে পেনশন তুলতে পাড়ি দিতে হয় ৯ কিলোমিটার। এ তেমন কিছু বিশেষ ব্যাপার না। কিন্তু ছত্তিশগড়ের সুরগুজা জেলার মৈনপাট অঞ্চলের এক ঘটনা যা নাড়িয়ে দিয়েছে নেটিজেনদের।

ব্যাংকে না গেলে মিলবে না পেনশন! ৯০ বছরের বৃদ্ধাকে পিঠে চাপিয়ে প্রায় ৯ কিমি পাড়ি মহিলার
  • ২৪ মে, ২০২৬ ০৫:২৯
Prefer us on Google

রায়পুর, ২৪ মে: মাসের শেষে ব্যাংক থেকে পেনশন তুলতে পাড়ি দিতে হয় ৯ কিলোমিটার। এ তেমন কিছু বিশেষ ব্যাপার না। কিন্তু ছত্তিশগড়ের সুরগুজা জেলার মৈনপাট অঞ্চলের এক ঘটনা যা নাড়িয়ে দিয়েছে নেটিজেনদের। ৯০ বছরের বৃদ্ধা শাশুড়িকে পিঠে চাপিয়ে প্রায় ৯ কিলোমিটার পথ অতিক্রম করে ব্যাংকে নিয়ে যাচ্ছেন এক মহিলা। এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন, ডিজিটাল ইন্ডিয়ার যুগেও কেন প্রত্যন্ত গ্রামের প্রবীণ মানুষদের পেনশন তুলতে এমন অসহনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলার নাম সুখমনিয়া বাই। তিনি নিয়মিতভাবেই তাঁর বৃদ্ধ শাশুড়িকে পিঠে চাপিয়ে জঙ্গল, পাথুরে রাস্তা এবং ছোট নদী-নালা পেরিয়ে ব্যাংকে নিয়ে যান। কারণ, পেনশন পাওয়ার জন্য বৃদ্ধাকে শারীরিকভাবে উপস্থিত থেকে আঙুলের ছাপ বা পরিচয় যাচাই করাতে হয়। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, তীব্র রোদের মধ্যে দুর্গম পথ ধরে হাঁটছেন সুখমনিয়া। যিনি ভিডিওটি বানাচ্ছিলেন তিনি তাঁদের স্থানীয় ভাষায় জানতে চান কেন এত কষ্ট করে বৃদ্ধাকে নিয়ে যেতে হচ্ছে। উত্তরে সুখমনিয়া জানান, 'ব্যাংকে নিয়ে না গেলে পেনশনের টাকা পাওয়া যায় না।' তিনি আরও বলেন, এলাকায় কোনও যানবাহনের ব্যবস্থা নেই। ফলে বাধ্য হয়েই কাঁধে বা পিঠে করে বৃদ্ধাকে ব্যাংকে নিয়ে যেতে হয়। পরিবারটি প্রায় ১,৫০০ টাকা পেনশন পায়।

সুখমনিয়ার দাবি, আগে গ্রামেই পেনশনের টাকা পৌঁছে যেত বা তুলতে এত সমস্যা হতো না। কিন্তু এখন সেই ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় প্রত্যন্ত এলাকার বহু পরিবারকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। ভিডিওটি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। নেটিজেনদের একাংশের প্রশ্ন, সরকার যখন ডিজিটাল পরিষেবা ও ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার দাবি করছে, তখনও কেন পাহাড়-জঙ্গল ঘেরা গ্রামগুলিতে প্রবীণ ও অসুস্থ মানুষদের ব্যাংকে পৌঁছতে এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে?

Advertisement
সম্পর্কিত সংবাদ