চেন্নাই: সংসারের সমস্ত দায়িত্ব কেবল মহিলাদের— এই ধারণা বদলের প্রয়োজন রয়েছে। স্বামী ও স্ত্রী দু’জনের মধ্যে ঘরের কাজ ও অন্যান্য দায়িত্ব ভাগ করে নেওয়া হলে দাম্পত্য সম্পর্ক আরও মজবুত হবে। একটি বিবাহ বিচ্ছেদ মামলার শুনানিতে এই মন্তব্য করল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। বিচারপতি জি আর স্বামীনাথন ও বিচারপতি এম ডি সুমতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘যদি গৃহবধূ থাকতে পারেন, তাহলে গৃহস্বামীও থাকতে পারেন।’ পরিবারের দেখভালের দায়িত্বকে উপার্জনের দায়িত্বের সমান গুরুত্ব দেওয়ার কথাও জানায় আদালত। মামলাটি তিরুভন্নামালাইয়ের এক চিকিৎসক দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘিরে। ২০১১ সালে তাঁদের বিয়ে হয়। পরের বছর প্রথম সন্তান জন্ম নেয়। এরপর স্বামী হৃদরোগ চিকিৎসায় উচ্চশিক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়েন।। স্ত্রী সন্তানকে দেখাশোনার জন্য বাবা-মায়ের কাছে থাকতে শুরু করেন। ২০১৬ সালে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। ২০২০ সালে করোনাকালে একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। তখন থেকেই তাঁদের দাম্পত্য জীবনে সমস্যার সূত্রপাত। স্বামী বিবাহ বিচ্ছেদের আবেদন জানান আদালতে। পাশাপাশি স্ত্রী ফের দাম্পত্য জীবন নতুন করে শুরু করার আবেদন জানান। দু’টি মামলাই খারিজ করে নিম্ন আদালত। তখন হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। আদালত জানায়, ভারতীয় সংস্কৃতিতে পরিবার একটি গুরুত্বপূর্ণ কাঠামো। সংসার চালানোর জন্য যেমন আয় করা জরুরি, তেমনই পরিবারের দেখভাল করাও সমান দায়িত্বের।



