বুলাওয়া: ভারত-পাক লড়াই মানেই মর্যাদার লড়াই। সে বড়োদের হোক বা ছোটদের। জিম্বাবোয়ের বুলাওয়াতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রবিবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ ঘিরে উন্মাদনা প্রবল। বৈভব সূর্যবংশীদের কাছে এই ম্যাচ আবার বদলার। ক’দিন আগেই ছোটোদের এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়াকে ১৯১ রানে দুরমুশ করেছিল পাকিস্তান। রবিবার সুপার সিক্সে তাই জিততে মরিয়া আয়ুষ মাত্রেরা। সেমি-ফাইনালে এদের মধ্যে উঠবে একটি মাত্র দল। তাই পাকিস্তানকে (৪ পয়েন্ট) ছিটকে দিয়ে শেষ চারে যোগ্যতা অর্জনের সুযোগও ভারতের (৬ পয়েন্ট) সামনে। অন্যদিকে, শেষ চারে উঠতে গেলে বৈভবদের বড় ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। কারণ নেট রান-রেটে তারা অনেক পিছিয়ে।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজেয় টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে আমেরিকা, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারানোর পর সুপার সিক্সের প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে ২০৪ রানে বিধ্বস্ত করেছে ভারত। সেই ছন্দ পাকিস্তানের বিরুদ্ধেও ধরে রাখতে প্রত্যয়ী তারা। ব্যাটিংয়ে প্রবাসী বাঙালি অভিজ্ঞান কুণ্ডু দুর্দান্ত ফর্মে। চার ম্যাচে তাঁর ব্যাটে এসেছে ১৮৩ রান, যা দলের পক্ষে সর্বাধিক। ওপেনার বৈভব সূর্যবংশী ঝড় তুললেও বিপক্ষের কপালে দুঃখ নিশ্চিত। চার ম্যাচে বিহারের বিস্ময় বালকের ব্যাটে এসেছে ১৬৬। নিয়মিত রান পাচ্ছেন বিহানও (১৫১)। শতরান করেছেন তিনি।
বোলিংয়ে ভারতের প্রধান ভরসা হেনিল প্যাটেল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তাঁর শিকারসংখ্যা ১০। বাঁ-হাতি পেসার উদ্ভব মোহনও ছন্দে। পক্ষান্তরে, পাকিস্তানও ছেড়ে কথা বলবে না। এশিয়া কাপের ফাইনালে সমীর মানহাস ১৭২ রানের ইনিংস খেলেছিলেন। বিশ্বকাপেও তিনি ছন্দ ধরে রেখেছেন। এছাড়া বোলিংয়ে পাক ব্রিগেডকে ভরসা জোগাচ্ছেন আলি রেজা। সবমিলিয়ে অপেক্ষায় উপভোগ্য লড়াই। মাঠের বাইরের উত্তেজনাও রয়েছে। আগের কয়েকটি ম্যাচের মতো রবিবারও হয়তো পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন না আয়ুষরা।
খেলা শুরু দুপুর ১টা। সম্প্রচার স্টার স্পোর্টসে।