Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ভোটপ্রচারে বাধা পেলে শ্মশান বানাব’, আইএসএফ নেতার হুংকারে আতঙ্ক

গোটা গ্রাম শ্মশান বানাবার হুমকি দিলেন ভাঙড়ের এক আইএসএফ নেতা! অভিযোগ, এক পুলিশ কর্মীর সামনে আঙুল তুলে এই শাসানি দেওয়া হয়। সোমবার সকালে ঘটনাটি ঘটে ভাঙড়ের চিলেতলা গ্রামে।

‘ভোটপ্রচারে বাধা পেলে শ্মশান বানাব’, আইএসএফ নেতার হুংকারে আতঙ্ক
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গোটা গ্রাম শ্মশান বানাবার হুমকি দিলেন ভাঙড়ের এক আইএসএফ নেতা! অভিযোগ, এক পুলিশ কর্মীর সামনে আঙুল তুলে এই শাসানি দেওয়া হয়। সোমবার সকালে ঘটনাটি ঘটে ভাঙড়ের চিলেতলা গ্রামে। অভিযুক্ত আইএসএফ নেতার নাম অহিদুল ইসলাম। তিনি ভাঙড়-২ পঞ্চায়েত সমিতিরও সদস্য। ওইদিন চিলেতলা গ্রামে গিয়ে বাসিন্দাদের উদ্দেশে প্রকাশ্যে এই ভয়াবহ হুমকি দেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, অহিদুল ইসলাম পুলিশের সামনেই বলেন, ‘ভোটের প্রচারে এবং পতাকা টাঙাতে বাধা পেলে গোটা গ্রাম শ্মশান করে দেব!’ এর ফলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিলেতলা গ্রামের বাসিন্দারা নিরাপত্তার অভাব বোধ করছেন। ওই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ইতিমধ্যে। তাতে দেখা যাচ্ছে, পুলিশের সঙ্গে অভিযুক্ত আইএসএফ কর্তার তর্কাতর্কির দৃশ্য (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করবেন বলেই জানান শওকত। ঘটনার পর অবশ্য ভুল স্বীকার করেছেন অহিদুল। তিনি বলেন, ‘কথাটা ওভাবে বলতে চাইনি। আমরা হিন্দু-মুসলমান এখানে ভাই-ভাইয়ের মতোই মিলেমিশে আছি। সম্প্রীতির বার্তা দিয়েই থাকতে চাই।’ এই ঘটনার তদন্ত শুরু করেছে বিজয়গঞ্জ থানার পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ