Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বয়স্ক না হলে চাবকে ছাল তুলে দিতাম, ২১ জুলাইয়ে হুমকি পেয়েছিলেন আশিস

এবার ২১ জুলাইয়ের সকালে শক্তিগড়ের সেই ব্যস্ততা ছিল না। আর ১০টা সাধারণ দিনের মতোই গাড়ি এসে থামছিল মিষ্টির দোকানের সামনে।

বয়স্ক না হলে চাবকে ছাল তুলে দিতাম, ২১ জুলাইয়ে হুমকি পেয়েছিলেন আশিস
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এবার ২১ জুলাইয়ের সকালে শক্তিগড়ের সেই ব্যস্ততা ছিল না। আর ১০টা সাধারণ দিনের মতোই গাড়ি এসে থামছিল মিষ্টির দোকানের সামনে। এর মধ্যেই সাদা রংয়ের একটি গাড়ি এসে দাঁড়াল। তিনি সকলেরই পরিচিত মুখ। রামপুরহাটের পাঁচবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী  আশিস বন্দ্যোপাধ্যায়। এক কাপ চা পান করে ফের গাড়িতে উঠে বসলেন। দরজা লাগাতে যাবেন ঠিক সেই সময়ই গেরুয়া জামা পরে এগিয়ে এলেন এক যুবক। রীতিমতো হুমকির সুরে বলতে থাকেন, ‘এত চুরি-চামারি করার পর দলটা শেষ হয়ে গেল, তারপরও যাচ্ছেন! আপনি বয়স্ক না হলে চাবকে ছাল তুলে দিতাম একদম’। গাড়ির সামনের সিটে বসে থাকা প্রাক্তন মন্ত্রীর কাছে এটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এমন কথা তাঁকে কোনোদিনও শুনতে হয়নি। এবারের ভোটে হেরে যাওয়ার পর তিনি মানসিক কষ্ট পেয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁকে ‘চোর’ কটাক্ষ শুনতে হবে, এটা হয়তো কোনোদিনই তিনি স্বপ্নে ভাবেননি। এমনটাই বলছেন তাঁর ঘনিষ্ঠরা। রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতারাও ওই যুবকের অভিযোগে সিলমোহর দিচ্ছে না। তাঁরা বলছেন, ওই যুবক স্যারকে অন্যদের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। 

Advertisement

রামপুরহাটের বাসিন্দা তথা আদি বিজেপি নেতা শুভাশিস চৌধুরী বলেন,  আশিস বন্দোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে কেউ যদি অসৎ বা অমানবিক বলে থাকেন, তিনি ভুল করছেন। তিনি হয়তো অন্যায় দেখে প্রতিবাদ করেননি। কিন্তু নিজে কোনোদিন খারাপ কাজ করেননি। কংগ্রেস নেতা মিল্টন রশিদ বলেন, তিনি কোনো দিনই অসৎ ছিলেন না। রাজনৈতিক ক্ষেত্র আলাদা ছিল। কিন্তু মানুষ হিসাবে কেউ তাঁর দুর্নাম করতে পারবে না। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠরা বলছেন, শক্তিগড়ের ওই ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। রাজনীতিতে হার-জিত রয়েছে। সেটা তিনিও বোঝেন। কিন্তু চোর অপবাদ দেওয়া প্রত্যাশিত ছিল না। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শক্তিগড়ের ওই যুবক দলের পদেও রয়েছেন। তাঁর হুমকি দেওয়া ভিডিয়ো ভাইরাল হওয়ার পর দলের একাংশের কাছে তিনি ‘নায়ক’ হয়ে উঠেছিলেন। কিন্তু এখন প্রাক্তন মন্ত্রীর আকস্মিক মৃত্যুর পর নেতৃত্ব বিপাকে পড়ে গিয়েছে। ওই যুবককে নিয়ে দলে সমালোচনার ঝড় বইছে। বিজেপি নেতা বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। পিতৃতুল্য ওই মানুষটার সঙ্গে তিনি এমন ব্যবহার না করলেই পারতেন।
রামপুরহাটের বাসিন্দারা বলছেন, আশিস বন্দ্যোপাধ্যায় শুধু জনপ্রতিনিধি নন, তিনি রামপুরহাটের ‘স্যার’। তাঁর ছাত্রছাত্রীর তালিকায় বিজেপির নেতা কর্মীরাও রয়েছেন। ভাইরাল ওই ভিডিয়ো দেখে, তাঁরাও অবাক হয়েছিলেন।    ওই বিজেপি নেতা কোনো কিছু না জেনে কেন এমন করলেন, সেই প্রশ্ন তুলছেন তাঁরাও।

Advertisement
সম্পর্কিত সংবাদ