Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানিকচকের শেখপুরায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র অনিয়মিত খোলায় বিক্ষোভ মহিলাদের

মালদহের মানিকচকের শেখপুরা মধ্যমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র অনিয়মিত খোলা এবং নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন মহিলারা

মানিকচকের শেখপুরায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র অনিয়মিত খোলায় বিক্ষোভ মহিলাদের
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানিকচক: মালদহের মানিকচকের শেখপুরা মধ্যমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র অনিয়মিত খোলা এবং নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন মহিলারা। শুক্রবার কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে ঘিরে তাঁরা এক ঘণ্টা বিক্ষোভ দেখান। যদিও গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কেন্দ্রের কর্মী ওয়াহেদ খাতুন। ঘটনায় তাঁকে শোকজ করেছে ব্লক প্রশাসন।

Advertisement

মানিকচক ব্লকের অন্তর্গত শেখপুরা মধ্যমপাড়া আইসিডিএস কেন্দ্র। প্রতিদিন এলাকার গর্ভবতী মা এবং শিশুদের রান্নাকরা খাবার দেওয়ার কথা। কিন্তু গত কিছুদিন ধরে প্রতিনিয়ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি আইসিডিএস কেন্দ্র বন্ধ থাকা নিয়ে এলাকার মহিলাদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে। শুক্রবার সকালে কেন্দ্র খুলতেই জমায়েত হন এলাকার মহিলারা। তাঁরা কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখান। মহিলার হাতে থাকা বাসন বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় গৃহবধূ নাসিমা খাতুন বলেন, কেন্দ্রে ঠিকমতো রান্না হয় না, দেওয়া হয় না ডিম। ভাত রান্না করলেও তরকারি দেওয়া হয় না। কোনও নিয়ম মেনে কেন্দ্রটি খোলা হয় না। চার দিন ধরে কেন্দ্রটি বন্ধ আছে। তাই বাধ্য হয়ে এদিন আমরা কেন্দ্রে বিক্ষোভ দেখিয়েছি।
তবে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কেন্দ্রের কর্মী ওয়াহেদা বেগম। তিনি বলেন, গত তিন দিন ধরে ব্লকে আমাদের ট্রেনিং থাকায় আমি থাকতে পারিনি। তবে সহায়িকা খাবারের ব্যবস্থা করেছেন। মহিলারা মিথ্যা বলছেন।
অন্যদিকে বিষয়টি জানতে পেরে পদক্ষেপ গ্রহণ করেছেন মানিকচক ব্লকের আইসিডিএস দপ্তরের আধিকারিক দ্বীপ নারায়ণ কুণ্ডু। তিনি বলেন, সুপারভাইজার মারফত খোঁজ নিয়ে দেখেছি ঘটনাটি সত্যি। কর্মী ট্রেনিংয়ে থাকলেও কেন্দ্রে কোনওমতেই খাবারের ব্যবস্থা বন্ধ করা যাবে না। তা সত্ত্বেও খাবার বন্ধ করা হয়েছে। তাই কর্মীকে শোকজ করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ