Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খোলা আকাশের নীচে চলছে আইসিডিএস কেন্দ্র, প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা

খোলা আকাশের নীচে চলছে আইসিডিএস কেন্দ্র। যার ফলে ঝুঁকি বাড়ছে শিশু ও গর্ভবতীদের। নিজস্ব বাড়ি না থাকায় একটি ত্রিপল খাটিয়ে সেখানেই তৈরি হচ্ছে শিশু ও গর্ভবতী মায়েদের খাবার।

খোলা আকাশের নীচে চলছে আইসিডিএস কেন্দ্র, প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: খোলা আকাশের নীচে চলছে আইসিডিএস কেন্দ্র। যার ফলে ঝুঁকি বাড়ছে শিশু ও গর্ভবতীদের। নিজস্ব বাড়ি না থাকায় একটি ত্রিপল খাটিয়ে সেখানেই তৈরি হচ্ছে শিশু ও গর্ভবতী মায়েদের খাবার। চন্দ্রকোণা-১ ব্লকের অন্তর্গত রানিগঞ্জ ৩৬ নম্বর আইসিডিএস কেন্দ্রের এই বেহাল দশায় আতঙ্কিত ও ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। কেন্দ্রের কর্মী কল্পনা গড়াই জানান, দীর্ঘদিন ধরেই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ইতিবাচক উদ্যোগ নেয়নি প্রশাসন।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, অস্থায়ী আচ্ছাদনের নীচে রান্না হওয়ায় ধুলোবালি ও রোগজীবাণু খুব সহজেই খাবারে মিশে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এর ফলে শিশু ও গর্ভবতী মহিলাদের খাদ্যে বিষক্রিয়া, পেটের মারাত্মক রোগের মতো বড়সড় স্বাস্থ্যহানির আশঙ্কা প্রবল। তাছাড়া শিশুদের খোলা জায়গায় পাঠদান করা হয়। চারপাশ ঝোপঝাড় ও জঙ্গলে ঘেরা। ফলে বিষাক্ত কীটপতঙ্গ ও সাপের ভয় সর্বদা তাড়া করে বেড়ায়। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন গ্রামবাসীরা।
স্থানীয় বাসিন্দা ডলি বাগ, রিঙ্কু বাগদের অভিযোগ, সন্তানদের পড়তে পাঠিয়ে সারাক্ষণ আতঙ্কে থাকতে হয় তাঁদের। দূষিত পরিবেশে তৈরি খাবার খেয়ে শিশুরা যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা মেলেনি। 
পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে যে কোনো দিন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। 
এ প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেতা অভিজিৎ গড়াই জানিয়েছেন, এতদিন সব কিছু জেনেও করার কিছু ছিল না। এবার রাজ্যে তাদের সরকার ক্ষমতায় এসেছে। শিশু ও মায়েদের স্বাস্থ্যের স্বার্থে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোরালো আবেদন জানাবেন। শিশুদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ সুনিশ্চিত করতে তিনি সব রকম চেষ্টা করবেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ