Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ভালো অফার এলে টেলিভিশনে ফিরব’

২০১০ নাগাদ দুর্গাপুজো স্পেশাল একটি টেলিফিল্মে পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর সঙ্গে কাজ করেছিলেন তিনি। ফের সুযোগ এল ২০২৫-এ। তিনি অর্থাৎ অভিনেত্রী সন্দীপ্তা সেন।

‘ভালো অফার এলে টেলিভিশনে ফিরব’
  • ১১ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

• ২০১০ নাগাদ দুর্গাপুজো স্পেশাল একটি টেলিফিল্মে পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর সঙ্গে কাজ করেছিলেন তিনি। ফের সুযোগ এল ২০২৫-এ। তিনি অর্থাৎ অভিনেত্রী সন্দীপ্তা সেন। গত বছর পরিচালক জুটির ‘আপিস’ ছবির শ্যুটিং করেছিলেন। অবশেষে তা মুক্তির অপেক্ষায়। সন্দীপ্তার কথায়, ‘এই পরিচালক জুটির সঙ্গে কাজ করা খুব আনন্দের অভিজ্ঞতা। আমি নিজের চরিত্র নিয়ে যদি আলাদা কিছু করতে চাই, সেটা সহজেই ওদের সঙ্গে শেয়ার করতে পারি। কাজের পরিবেশ খুব ভালো ছিল।’

Advertisement

সমাজের দুই প্রান্তে থাকা দুই নারীর গল্প। একজন শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত মহিলা। তার স্বামী চাকরি করে, সে নিজেও চাকরি করে। এক সন্তানও রয়েছে দম্পতির। তারা অফিস যায়। তাই বাচ্চার দেখভালের জন্য এক মহিলা আসে স্থানীয় বস্তি থেকে। তার স্বামী রিকশাচালক। সেই দম্পতির দুই ছেলে। সামাজিক, আর্থিক, শিক্ষাগত যোগ্যতার নিরিখে ভিন্ন পরিস্থিতিতে থাকা দুই মহিলার কোথাও যেন অবস্থানটা একই জায়গায়। বাণী বসুর ছোটগল্প ‘আপিস’ অবলম্বনে তৈরি এই ছবি। এই ছবিতে প্রথমবার সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কাজ করলেন সন্দীপ্তা। তাঁর কথায়, ‘সুদীপ্তাদি অসাধারণ অভিনেত্রী এবং শিক্ষিকাও। এমন মানুষের সঙ্গে কথা বললেও মনে হয় অনেককিছু শিখতে পারছি। আমরা যখন মেকআপরুম শেয়ার করতাম, ছোট ছোট বিষয় জিজ্ঞেস করতাম। সুদীপ্তাদি বুঝিয়ে দিত।’
শহুরে চরিত্র সন্দীপ্তা আগেও করেছেন। ‘আপিস’-এর ক্ষেত্রে অভিনেত্রীর মতে, ‘কয়েকটা দৃশ্য এমন ছিল, যেগুলো আমার চেনা পরিবেশেই হতে দেখেছি। বাড়ির নানা ছোট ছোট সমস্যা মজার মোড়কে তুলে ধরা হয়েছে।’ কিন্তু যাঁদের কথা ভেবে ছবি তৈরি হয়, সেই দর্শক কি সিনেমাহলে যাচ্ছেন? সন্দীপ্তার স্পষ্ট উত্তর, ‘সব ছবিরই একটা লক্ষ্য থাকে। ব্যবসা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু ছবির ক্ষেত্রে ব্যবসাই প্রধান, তেমন মনে হয় না। এই ছবি ২০ কোটি টাকার ব্যবসা করবে, এটা আশা করলে তা আমারই ভুল। সেটা তো বাস্তব নয়। দর্শকের ভালো লাগলে সেটা বড় পাওনা। আমরা চাইব, দর্শক হলে গিয়ে সিনেমা দেখুন। সাধারণ, চেনা গল্প। দর্শক নিজেদের সঙ্গে মেলাতে পারবেন।’ 
তিনটে ছোট গল্প নিয়ে তৈরি আসন্ন ছবি ‘ভূতপূর্ব’তে অভিনয় করেছেন সন্দীপ্তা। মুক্তির অপেক্ষায় ওয়েব সিরিজ ‘বীরাঙ্গনা’। এর মধ্যে টেলিভিশনে ফেরার কথা ভাবছেন কি? অভিনেত্রীর জবাব, ‘ভালো অফার এলে টেলিভিশনে অবশ্যই ফিরব। মেগাতে এত কিছু করে ফেলেছি, এখন গল্প এবং চরিত্র দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ। আকর্ষণীয় কোনও অফার এখনও আসেনি। গত বছর একটা কাজের কথা অনেকদূর এগিয়েছিল। কিন্তু ডেটের সমস্যায় করতে পারিনি।’   ---- স্বরলিপি ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ