Bartaman Logo
৮ জুন, ২০২৬

‘সরকারি বাংলো ছাড়ব না, উচ্ছেদ করুক’, হুঁশিয়ারি রাবড়ি দেবীর

‘সরকারি বাংলো ছাড়ব না। প্রয়োজন হলে আমাকে গায়ের জোরে উচ্ছেদ করুক।’ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরিকে এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী।

‘সরকারি বাংলো ছাড়ব না, উচ্ছেদ করুক’, হুঁশিয়ারি রাবড়ি দেবীর
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: ‘সরকারি বাংলো ছাড়ব না। প্রয়োজন হলে আমাকে গায়ের জোরে উচ্ছেদ করুক।’ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরিকে এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। পাটনার ১০ নম্বর সার্কুলার রোডের বাংলোটি সম্প্রতি মত্স্যমন্ত্রী নন্দকিশোর রামের জন্য বরাদ্দ করেছে বিহার সরকার। তারপরই রাবড়ি দেবীকে ওই বাংলো ছেড়ে দেওয়ার নোটিস দেওয়া হয়। সেই প্রসঙ্গেই লালুপ্রসাদ-পত্নী এদিন মন্তব্য করেন, ‘সম্রাট চৌধুরি কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী হয়ে খুবই উত্তেজিত। আমাকে জোর করে উঠিয়ে দিক। আমি এই জায়গা ছেড়ে যাচ্ছি না।’ সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে মাইকও সরিয়ে দেন তিনি। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন রাবড়ি দেবী। ২০০৫ সালে ক্ষমতা হারানোর পর তিনি মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়ে ১০ নম্বর সার্কুলার রোডের ওই বাংলোয় বসবাস শুরু করেন। তারপর থেকে ওই বাংলোই কার্যত আরজেডির অঘোষিত সদর দপ্তর হয়ে ওঠে। সম্রাট মুখ্যমন্ত্রী হওয়ার আগেও বিহার সরকারের তরফে বলা হয়, ওই বাংলোটি উপমুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করা হচ্ছে। বিধান পরিষদের বিরোধী নেত্রী হওয়ার সুবাদে রাবড়ি ও তাঁর পরিবারের জন্য হার্ডিঞ্জ রোডের অন্য একটি বাড়ি বরাদ্দ করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ