Bartaman Logo
২১ জুলাই, ২০২৬

‘অনশন চালিয়েই যাব’, সিজেপির পাশে দাঁড়িয়ে সাফ জানালেন সোনাম

সোনাম ওয়াংচুক ২৩ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের সমর্থনে তাঁর বার্তা এবং সরকারের প্রতি আহ্বান। বিস্তারিত পড়ুন।

‘অনশন চালিয়েই যাব’, সিজেপির পাশে দাঁড়িয়ে সাফ জানালেন সোনাম
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘অনশন চালিয়ে যাব।’ জানিয়ে দিলেন সোনাম ওয়াংচুক। বুধবার হাতে লেখা এক চিরকূটে তিনি বলেছেন, ‘২৩ দিনের পরেও আমি আমার অনশন চালিয়ে যাব। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত তরুণদের উপর যে নির্মম আচরণ করা হচ্ছে, তা দেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যতক্ষণ না আন্দোলনকারীদের সংসদ ভবনে গিয়ে সাংসদদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে বা হাসপাতালে আমার সঙ্গে তাঁদের দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে—ততক্ষণ পর্যন্ত আমি অনশন অব্যাহত রাখব।’ রবিবারের মতো এদিনও সোনামের স্ত্রী গীতাঞ্জলি আংমো ওই চিরকূট প্রকাশ্যে এনেছেন। নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) যে আন্দোলন চালাচ্ছে, তার পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন গীতাঞ্জলি। 

Advertisement

এদিন সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাংকার সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। সোনাম লিখেছেন, ‘বহু উসকানি সত্ত্বেও তরুণরা যেভাবে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে, তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। তাই আমি সরকার ও পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি—আজ বা আগামী কাল পড়ুয়াদের অভিযোগ সংসদে তুলে ধরার সুযোগ দিয়ে এই সমস্যার সমাধান করা হোক।’ এদিন দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন গীতাঞ্জলি। সোনামকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার আবেদন খারিজ করে দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোনামের যাবতীয় মেডিকেল রিপোর্ট পেশ করার জন্য সফদরজং হাসপাতালকে নির্দেশ দিয়েছে।
এদিকে, ২৩তম দিনে অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন সিপিআই (এম-এল) লিবারেশনের ছাত্র সংগঠন আইসার তিন সদস্য নেহা বোরা, মনীশ কুমার এবং আমিন আমিতোজ। সোনামের সঙ্গেই অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছিলেন তাঁরা। ওই তিনজনকে অনশন থেকে সরে আসার আবেদন করে রাজনীতিক, সমাজকর্মীদের একটি প্রতিনিধি দল। ওই দলে ছিলেন সাংসদ মনোজ ঝা, সমাজকর্মী ডঃ যোগেন্দ্র যাদব, আইনজীবী প্রশান্ত ভূষণ, অভিনেতা প্রকাশ রাজ, শাবানা আজমি সহ অন্যরা। যোগেন্দ্র বলেন, ‘এটা অনশন ভঙ্গ নয়, বরং সংগ্রামের একটি পদ্ধতির সমাপ্তি।’ অভিনেত্রী শাবানা আজমি বলেন, ‘একটি প্রজন্ম হিসাবে আমরা আমাদের জেন-জির জন্য ভালো কিছু করতে ব্যর্থ হয়েছি, কিন্তু আপনারা আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছেন।’ পড়ুয়াদের এই অনশন কেন্দ্রীয় সরকারের মুখোশ খুলে দিয়েছে বলে দাবি করেন মনোজ ঝা।

Advertisement
সম্পর্কিত সংবাদ