Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আমিও ব্রিজভূষণের হেনস্তার শিকার হয়েছি, বিস্ফোরক কুস্তিগির ভিনেশ

ফের বিস্ফোরক ভিনেশ ফোগাট। এবার ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বোমা ফাটালেন প্যারিস ওলিমপিকসের ফাইনালে পৌঁছানো কুস্তিগির কন্যা। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে সোজা সাপটা আক্রমণ করলেন ভিনেশ।

আমিও ব্রিজভূষণের হেনস্তার শিকার হয়েছি, বিস্ফোরক কুস্তিগির ভিনেশ
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের বিস্ফোরক ভিনেশ ফোগাট। এবার ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বোমা ফাটালেন প্যারিস ওলিমপিকসের ফাইনালে পৌঁছানো কুস্তিগির কন্যা। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে সোজা সাপটা আক্রমণ করলেন ভিনেশ। এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘আমি সেই ছয় কুস্তিগিরের একজন, যারা ব্রিজভূষণের যৌন হেনস্তার শিকার হয়েছিলাম। মামলাটি যেহেতু বিচারাধীন তাই এতদিন মুখ খুলিনি। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতির চাপে সত্যিটা প্রকাশ্যে আনতে বাধ্য হলাম।’ সামনেই রয়েছে এশিয়ান গেমসের যোগ্যতা বাছাইয়ের র‌্যাংকিং টুর্নামেন্ট। সে জন্য অবসর ভেঙে দীর্ঘ ১৯ মাস পর ম্যাটে ফেরার প্রস্তুতি শুরু করেছেন ভিনেশ। তবে ভেন্যু নিয়ে মোটেই স্বস্তিতে নেই তিনি। কারণ ব্রিজভূষণের এলাকা উত্তরপ্রদেশের গোন্ডাতে আসন্ন প্রতিযোগিতা হবে। রবিবার ভিডিয়ো বার্তায় তারই প্রতিবাদ করলেন ৩১ বছরের তারকা। জানালেন, তাঁর কিছু হলে সরকার দায়ী থাকবে। এদিকে, জাতীয় কুস্তি সংস্থা জানিয়ে দিয়েছে, শেষ মুহূর্তে জায়গা পালটানো সম্ভব নয়।

Advertisement

২০২৩ সালে ভারতীয় কুস্তি ফেডারেশনকে রাস্তায় নামিয়ে এনেছিলেন একদল জাতীয় ও আন্তর্জাতিক কুস্তিগির। তাদের নিশানায় ছিলেন সংস্থার তৎকালীন সভাপতি ব্রিজভূষণ। যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই বাহুবলী নেতার বিরুদ্ধে ছয় মহিলা কুস্তিগির যৌন হেনস্তার অভিযোগ করেন। ন্যায্য বিচারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধরনায়ও বসেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি প্রথমে ধাপাচাপা দেওয়ার চেষ্টা করলেও সফল হননি ব্রিজভূষণ। মামলা ওঠে আদালতে। সেটি এখনও বিচারাধীন। এরই মধ্যে নামকাওয়াস্তে গদি থেকে সরানো হয় ব্রিজভূষণকে। তবে তাঁরই ঘনিষ্ঠ ব্যক্তিরাই এখনও ফেডারেশন চালাচ্ছেন। এদিন ভিডিও বার্তায় তাই ব্রিজভূষণের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও কাঠগড়ায় তুলেছেন ভিনেশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ