• পুজো আসছে। শরীর ভালো থাকলে প্রতিবছর রেডিয়োতে আমি মহালয়া শুনি। এ বছরও তাই করলাম। আসলে পুজো এলে পুরানো কথা খুব মনে পড়ে। মনকেমন করে বড্ড। মা-দিদিরা যখন বেঁচে ছিলেন পুজোর আনন্দ অন্যরকম ছিল। তখন অনেক ছোটো ছিলাম আমি, সেসময়ের আনন্দের কোনো তুলনা হয় না। অষ্টমীর দিন শাড়ি পরে, সিঁদুরের টিপ পরে মা, দিদিরা যখন বেরত, তখন ওঁদের হাত ধরে দুগ্গা ঠাকুর দেখতে যেতাম। এখনও সেসব দিনের কথা স্পষ্ট মনে আছে। তারপর কত বছর হয়ে গেল, কোনো ঠাকুর দেখিনি...। জীবনটা অন্যরকম হয়ে গেল। আমরা ১০ বোন, তার মধ্যে ন’বোনই মারা গিয়েছে। আমিই একমাত্র বেঁচে আছি। এখন পুজোয় আর কোনো আনন্দ নেই। আমি নিউ আলিপুরে থাকি। একই গান বেজে যায় সকাল থেকে। এবার তো গর্ভনমেন্ট চেঞ্জ হয়েছে। ভোটে অনেকেই চলে গিয়েছে। জানি না এবারে কী হবে! যে বয়সে এসে পৌঁছেছি এখন শান্তিতে কয়েকটা দিন বাঁচতে চাই। মা দুর্গা সকলকে ভালো রাখুন, এটাই তাঁর কাছে আমার একমাত্র চাওয়া।



