Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘অঙ্গীকার করছি, ট্রাফিক নিয়ম মানব’, গাড়ি থামিয়ে ‘মুচলেকা’ দিতে হচ্ছে চালকদের

ট্রাফিক আইন মেনে চলার অঙ্গীকার তার সঙ্গে পরিবেশরক্ষার বার্তা, রাস্তায় নেমে এই দুই উপায়ে মানুষের সচেতনতা বাড়াচ্ছে পুলিশ।

‘অঙ্গীকার করছি, ট্রাফিক নিয়ম মানব’,  গাড়ি থামিয়ে ‘মুচলেকা’ দিতে হচ্ছে চালকদের
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর ও নিজস্ব প্রতিনিধি, বারাসত: ট্রাফিক আইন মেনে চলার অঙ্গীকার তার সঙ্গে পরিবেশরক্ষার বার্তা, রাস্তায় নেমে এই দুই উপায়ে মানুষের সচেতনতা বাড়াচ্ছে পুলিশ। বারুইপুরে নরমে-গরমে এই কাজ করছে বারুইপুর পুলিশ জেলা।

Advertisement

নিয়মভঙ্গকারীরা বাধ্য হয়ে গাড়ি থামাচ্ছেন। রাস্তায় দাঁড়িয়ে লিখছেন, ‘আমি অঙ্গীকার করছি, ট্রাফিক নিয়ম মেনে নিরাপদে থাকব, অন্যকেও নিরাপদে রাখব।’
বারুইপুরে পুরাতন বাজার ট্রাফিক গার্ড এই উদ্যোগ নিয়েছে। ট্রাফিক আইন না মানলে পুলিশ ধরছে গাড়ি চালকদের। তারপর গাড়ি থেকে নেমে চালকরা সই করছেন অঙ্গীকার পত্রে। পুলিশের ধমক শুনে সই করছেন চালকরা। তারপর মিলছে ছাড়। অন্যদিকে যাঁরা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছেন তাঁদের পরিবেশরক্ষার বার্তা দিয়ে গাছ উপহার দিচ্ছে পুলিশ।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার অতীশ বিশ্বাস বলেন, ‘অঙ্গীকার পত্রে সই করে নিজেকে সাক্ষী রাখছেন নিয়ম না মানা গাড়িচালক। পরে তিনি ধরা পড়লে এই সই দেখিয়েই হবে জরিমানা। আর গাছ দেওয়া হচ্ছে পরিবেশরক্ষায় বৃক্ষরোপণের বার্তা দিতে। প্রশংসনীয় উদ্যোগ ট্রাফিক পুলিশের।’ বারুইপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন উড়ালপুলে অঙ্গীকার পত্রে সই করানোর দায়িত্বে আছেন পূরাতন বাজার ট্রাফিক গার্ডের ওসি সম্রাট সরকার ও আধিকারিক সঞ্জয় কর্মকার। সঞ্জয়বাবু বলেন, ‘উড়ালপুল, রেলগেট, বাজার মোড়ে অঙ্গীকার পত্র টাঙানো আছে। প্রতিদিন অভিযান চলছে।’ 
এর পাশাপাশি বৃহস্পতিবার বারুইপুরে ২১৮ নম্বর বাস স্ট্যান্ড থেকে পুলিশ সুপারের অফিস পর্যন্ত এনসিসি, বারুইপুর হাই স্কুলের ছাত্ররা পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে ৱ্যালি করে। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। বাইক চালকরা হেলমেট না পরার কারণে অঙ্গীকার পত্রে সই করেন। আর যাঁরা নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন তাঁরা পান গাছ। তারপর বলেন, ‘হেলমেট নিজেদের জীবন বাঁচানোর জন্যই জরুরি। গাড়ি জোরে নয় আস্তে চালালেই দুর্ঘটনা আটবে। পুলিশের এই উদ্যোগ বেশ কার্যকরী।’
অন্যদিকে দুর্ঘটনা রুখতে জনসচেতনতার উপরে জোর দিল বসিরহাট পুলিশ জেলা। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বসিরহাট টাউন হলে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি সড়ক ব্যবহারে সাবধানতা অবলম্বনের বার্তা প্রচারে পুলিশের উদ্যোগে বের হয় বাইক র‍্যালি। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি-আইজিপি (দক্ষিণবঙ্গ) ডঃ রাজেশকুমার সিং, বারাসত রেঞ্জের ডিআইজি দীনেশ কুমার, বসিরহাট পুলিশ জেলার সুপার অলকনন্দা ভাওয়াল, মহকুমা শাসক জসলিন কৌর প্রমুখ। প্রশাসনিক কর্তারা সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন। এদিন টাউন হল প্রাঙ্গণ থেকে অতিথিরা পতাকা নেড়ে পুলিশের বাইক র‍্যালির সূচনা করেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে র‍্যালি নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের কাছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ