Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মেসিকে জড়িয়ে ধরে বলেছি, তোমায় খুব ভালোবাসি: স্কালোনি

ম্যাচের ৭৬ মিনিটে মেসির শট আলজেরিয়ার জালে আছড়ে পড়তেই টিভির পর্দায় ভেসে উঠল তাঁর মুখ।

মেসিকে জড়িয়ে ধরে বলেছি, তোমায় খুব ভালোবাসি: স্কালোনি
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানসাস সিটি: ম্যাচের ৭৬ মিনিটে মেসির শট আলজেরিয়ার জালে আছড়ে পড়তেই টিভির পর্দায় ভেসে উঠল তাঁর মুখ। বিশ্বকাপের আসরে প্রিয় পাত্রের প্রথম হ্যাটট্রিক। অথচ সাইডলাইনে দাঁড়িয়ে থাকা কোচ লায়োনেল স্কালোনি ভাবলেশহীন। কোনোরকম উচ্ছ্বাস দেখা মিলল না তাঁর মধ্যে। তবে কয়েক মিনিটের মধ্যেই মেসি মাঠ ছাড়তেই আবেগের বাঁধ ভাঙল আর্জেন্তাইন কোচের। বাঁ পায়ের জাদুকরকে জড়িয়ে ধরে কপালে স্নেহের চুম্বন স্কালোনির। বিশ্বকাপ জয়ী কোচের চোখ তখন ছলছলে। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেকে সামলে ফের ম্যাচে মনঃসংযোগ করেন তিনি। এরপর ম্যাচ শেষে এই প্রসঙ্গ উঠতেই স্কালোনি বলেন, ‘ওই সময় ঠিক কী বলা উচিত ছিল, বুঝে উঠতে পারিনি। আমি ওকে জড়িয়ে ধরেছি, চুমু খেয়েছি, তারপর বলেছি—তোমাকে খুব ভালোবাসি। জানি না, এর বাইরে আর কী বলব।’

Advertisement

আট বছর আগে এক কঠিন পরিস্থিতিতে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। অথচ তারপরই একের পর এক সাফল্যের সিঁড়ি অতিক্রম করে আজ এই জায়গায় পৌঁছেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই পর্বে বিশ্বকাপের পাশাপাশি দু’টি কোপা আমেরিকা জেতেন মেসিরা। খুব একটা উজ্জ্বল বায়ো-ডেটা না থাকলেও, স্কালোনির ম্যাচ রিডিং এক কথায় অনবদ্য। বুধবারও তার প্রমাণ মেলে। ম্যাচের শুরুতে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজালেও, অল্প সময়ের মধ্যেই তা পরিবর্তন করে ম্যাচের রাশ নিজেদের দখলে নেন তিনি। এই প্রসঙ্গে স্কালোনির বিশ্লেষণ, ‘আলজেরিয়া শুরু থেকেই প্রান্তিক আক্রমণ জোর দেয়। আমাদের দলে বেশ কিছু ফুটবলারের চোট রয়েছে। তাই অনেক ভেবেচিন্তেই দল গঠন করতে হয়েছিল। ছেলেরা যাবতীয় প্রতিকূলতাকে হার মানিয়ে সেরাটা উজাড় করে দিয়েছে। ওদের থেকে এর থেকে বেশি কিছু আর চাওয়ার নেই আমার। সামনে এখনও অনেক পথ চলতে হবে। তাই এই ছন্দ বজায় রাখতে চাই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ