দেখতে দেখতে বছরের এই দিনগুলি চলে এল। চেনা শহরটা একেবারে অচেনা লাগে এই ক’টা দিন। কত আলো, রোশনাই, মানুষের মুখের হাসি— এগুলিই তো গোটা বছরের সম্পদ। পুজোর ক’টা দিন আমি কলকাতাতেই থাকি। বাইরে থেকে কত মানুষ আমাদের শহরের এই ঝলমলে দিনগুলির সাক্ষী হতে আসেন। আর আমরা এখানে থেকেও দেখব না, তা আবার হয় নাকি! এই আনন্দ, উদযাপন একেবারে মিস করতে চাই না। মিস করলে পরে নিজেরই আপসোস হবে। পুজোর ক’টা দিন আমি নিরামিষ খাই। নবরাত্রি করি না। নিরামিষ খাই কারণ আমার মনে হয়, সকলেই তো মায়ের সন্তান। অনেকে বলেন, এই ক’দিন নিরামিষ খেয়ে কী হবে? তাও আমি নিজের মতো করে চেষ্টা করি। তবে আমার পুজোর সাজ মানে আমার কাছে শাড়ি। একদিন তো শাড়ি পরবই। এটা মাস্ট। ছোটো থেকে বাড়িতে মা-পিসি সকলকে শাড়িতেই দেখতে অভ্যস্ত। তাই শাড়ির প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। শ্যুটিংয়ে তো বটেই কোনো অনুষ্ঠানেও সুযোগ পেলেই শাড়ি পরি। পুজোতেও তেমন কোনো সুন্দর শাড়ি পরব। বাকি দিনগুলি কুর্তি, সালওয়ার— মিলিয়ে মিশিয়ে সাজব। সাজ মানে হালকা সাজ। লিপস্টিক, কাজল আর টিপ। সামান্য মেকআপ।



