কলকাতা, ৪ জুলাই: বিধানসভা ভোটে ভরাডুবির পরে দলে ভাঙন ধরেছে। একে একে সরে যাচ্ছেন পুরনো দিনের সঙ্গীরা। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন তাঁর একদা ‘কাছের মানুষ’ চন্দ্রিমা ভট্টাচার্য। পরে বিধানসভায় গিয়ে সাক্ষাৎ করেন ঋতব্রত শিবিরের লোকজনের সঙ্গে। এর কয়েক ঘণ্টার মধ্যে ফেসবুক লাইভে এসে এনিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘এক-দুজন দল ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। নেতা নয়, দলের কর্মীরাই আমার সম্পদ।’ পাশাপাশি আরো একবার দলের বিদ্রোহীদের ‘গদ্দার’ তকমা দেন তিনি।
তৃণমূলের নেতৃত্বের রাশ ও নির্বাচনী প্রতীক কাদের হাতে থাকবে? এই নিয়ে দড়ি টানাটানি চলছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে। ঘাসফুলের এমন ভাঙনের জন্য এদিন সরাসরি বিজেপি’কে দায়ি করেছেন মমতা। আড়াল থেকে পদ্ম পার্টি এই কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। ‘বিদ্রোহীদের’ প্রতি তাঁর তোপ, ‘এরা বিজেপি দল করছেন, অথচ নিজেদের তৃণমূল বলে দাবি করা হচ্ছে। ক্ষমতা থাকলে সরাসরি বিজেপি করুন।’
চন্দ্রিমা ইস্তফা দেওয়ায় কালীঘাট তৃণমূলের রাজ্য সভাপতি পদ শূন্য হয়ে পড়েছে। আগামীদিনে তিনি নিজেই এই দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছেন মমতা। পাশাপাশি যুগ্মভাবে রাজ্য সাধারণ সম্পাদক নিযুক্ত হলেন মদন মিত্র ও কুণাল ঘোষ।