Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চেষ্টায় খামতি রাখিনি: মেসি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারার পর মেসির আবেগময় প্রতিক্রিয়া। দলের প্রতি কৃতজ্ঞতা ও চেষ্টার কথা জানালেন তিনি। বিস্তারিত পড়ুন।

চেষ্টায় খামতি রাখিনি: মেসি
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: মাঠের এক প্রান্তে ঠায় বসে তিনি। অবিন্যস্ত দু’হাঁটু। হাত দিয়ে কান্না ঢাকার চেষ্টায় মহানায়ক। সব পেয়েও না পাওয়ার হাহাকারে ছিন্নভিন্ন লিও মেসি। আর্জেন্তাইন কিংবদন্তির এমন বিষণ্ণ দৃশ্য নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের কাছে নতুন নয়। বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে টানা তিনটি ফাইনালে হারের পর এভাবেই বছর দশক আগে এই মাঠে ভেঙে পড়েছিলেন বাঁ পায়ের জাদুকর। দিন বদলেছে, টুর্নামেন্ট এবং প্রেক্ষাপটও। তবে দৃশ্যটা একই রইল। রবিবার বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন চুরমার আর্জেন্তিনার। মারাদোনা পারেননি। পারলেন না মেসিও। ইতিহাসের পাতায় তবুও তাঁদের নাম খোদাই থাকবে শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে। তা সত্ত্বেও ব্যর্থতা মেনে নেওয়া কঠিন। তাই কাপযুদ্ধে হারের পর নিজেকে সামলাতে পারেননি লিও।

Advertisement

ম্যাচের শেষে প্রতিপক্ষের ফুটবলাররা তাঁকে সান্ত্বনা জানিয়েছেন। ইয়ামাল থেকে পেড্রি— সকলের সঙ্গেই হাত মেলালেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে গ্রহণ করলেন রানার্স মেডেলও। গ্যালারিতে তখনও চলছে তাঁর নামে জয়ধ্বনি ও গান। এবার সেদিকে ধীরেধীরে এগলেন মেসি। একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। অজান্তে গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনতা জল। মেসির সঙ্গে কাঁদল গোটা বিশ্ব। বুয়েনস আইরেস থেকে বারাকপুর, মায়ামি থেকে মাদ্রিদ— সর্বত্র মেসিভক্তদের একই অবস্থা। আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও দেওয়া হল বার্তা, ‘এই চোখের জল শুধু তোমার একার নয়, আমাদের সবার ক্যাপ্টেন। ভুলে যেও না, তুমি আমাদের জীবনের শ্রেষ্ঠ আনন্দগুলি দিয়েছ। তোমার নিষ্ঠা, তোমার জাদু অমলিন থাকবে। শেষ মুহূর্ত পর্যন্ত সেরাটা উজাড় করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা তোমাকে চিরকাল ভালোবাসব, লিও।’
ফাইনালে হারের কষ্টের মধ্যেই মেসির প্রতিক্রিয়া, ‘যোগ্য দল হিসেবেই জিতেছে স্পেন। তবে আমাদের চেষ্টায়ও খামতি ছিল না। গোটা টুর্নামেন্টে হৃদয় দিয়ে লড়াই চালিয়েছি। দলের প্রতিটি ফুটবলারকে ধন্যবাদ। এই কঠিন লড়াইয়ে পাশে থাকার জন্য দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ