নিজস্ব প্রতিনিধি, মালদহ: জঙ্গি যোগের অভিযোগে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার মালদহের মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অশ্বিনটোলার যুবক উমর ফারুক। দিল্লি পুলিশের একটি বিশেষ দল শনিবার তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করে। কাজের সূত্রে পাঁচ বছর আগে কলকাতায় যায় সে। গত সপ্তাহে স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয় উমরের। তার বিরুদ্ধে মেট্রো স্টেশনে আপত্তিকর দেশবিরোধী পোস্টার দেওয়ার অভিযোগ রয়েছে।
মানিকচকের গ্রামের বাড়িতে উমরের মা, বাবা ও স্ত্রী সন্তান রয়েছে। পরিবারের দাবি, সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে উমর। বেশিরভাগ সময় কলকাতায় থাকত সে। মাঝেমধ্যে বাড়িতে ফিরত। শেষবার দুইমাস আগে গ্রামে ফিরেছিল উমর।
গ্রামের যুবকের বিরুদ্ধে ওঠা দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে হতবাক প্রতিবেশীরা। তবে স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগে নারাজ স্ত্রী সেমি খাতুন, তার দাবি উমর নির্দোষ। স্বামীর সুবিচারের দাবি তার।
প্রসঙ্গত, গতকাল কলকাতা ও তামিলনাড়ুতে অভিযান চালিয়ে মোট আট জন লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তার মধ্যে কলকাতার নিউটাউন থেকে ধরা হয়েছে দু’জনকে। বাকিদের তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সূত্র থেকে জানা গিয়েছে, ধৃত আটজনের মধ্যে সাতজনই বাংলাদেশের জঙ্গি। দিল্লি পুলিশ জানিয়েছে, কলকাতার কয়েকটি মেট্রো স্টেশনেও দেশবিরোধী পোস্টার সাঁটিয়েছিল তারা। কলকাতা থেকে রবিউল ও উমরকে ধরার পর তাদের জেরা করে খোঁজ মেলে তামিলনাড়ুর ৬ জনের। শুরু হয় তল্লাশি অভিযান। একে একে ধরা পড়ে প্রত্যেকে। ভারতে এই জঙ্গি গোষ্ঠীর জাল কত দূর বিস্তৃত তা তদন্ত করছে গোয়েন্দা দপ্তর।