Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সাগরে তৃণমূল নেতার দোকান থেকে উদ্ধার বিপুল ত্রাণ সামগ্রী

তৃণমূলের এক নেতার দোকান থেকে সরকারি এবং স্বেচ্ছাসেবী সংস্থার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে সাগরের খাসরামকরচর এলাকায়।

সাগরে তৃণমূল নেতার দোকান  থেকে উদ্ধার বিপুল ত্রাণ সামগ্রী
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, কাকদ্বীপ: তৃণমূলের এক নেতার দোকান থেকে সরকারি এবং স্বেচ্ছাসেবী সংস্থার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে সাগরের খাসরামকরচর এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা ৬৫ নম্বর বুথের তৃণমূল নেতা ভূপতি মাইতির দোকানে গিয়ে সামগ্রীগুলির হদিশ পান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত। ত্রাণসামগ্রী বিডিও অফিসে নিয়ে গিয়ে জমা করা হয়।

Advertisement

শিবেন্দু জানা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা গোপনে জানতে পারি দোকানের মধ্যে ত্রাণসামগ্রী লুকিয়ে রাখা ছিল। সেখানে গিয়ে ৪৩টি ত্রিপল, ১১ বস্তা মাছের খাবার, ১৩ বস্তা চুন ইত্যাদি পাই। ওগুলিতে সরকারি সিলমোহর দেওয়া।’ তবে তৃণমূল নেতা ভূপতি মাইতির দাবি, সামগ্রীগুলি তিনি আনেননি। অন্য এক তৃণমূল নেতা ভোটের আগে সরকারি ত্রাণসামগ্রী এনে তাঁর দোকানে মজুত করেছিলেন। সাগরের বিধায়ক দীপঙ্কর জানা বলেন, ‘আগের সরকারের আমলে উন্নয়নের বদলে তৃণমূল নেতাদের বাড়িতে সামগ্রী মজুত রাখা হত। সরকারের বিভিন্ন দপ্তর থেকে সাধারণ মানুষকে দেওয়ার জন্য প্রচুর জিনিসপত্র আসত। তা কাউকে দেওয়া হয়নি। অবৈধভাবে বিভিন্ন জায়গায় মজুত করে রাখা হয়েছিল। ভোটের আগে মানুষকে এগুলি দিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। খাসরামকরচর এলাকা থেকে সাধারণ মানুষ প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে। ঘটনার তদন্ত হবে।’
অন্যদিকে, জয়নগরের নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। এই ঘটনায় পুলিশ তৃণমূলের কর্মী অশোক সাহা, রথিন সাহা, চন্দ্রিমা ঘোষ ও সীমা ঘোষকে আটক করেছে। জানা গিয়েছে, বিজেপির অভিযোগের ভিত্তিতে এই গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে।

সম্পর্কিত সংবাদ