Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দ্বিতীয় দফাতেও বিপুল বাহিনী! ভোটের মুখে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল

প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটে মোট ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা জানাল কমিশন।

দ্বিতীয় দফাতেও বিপুল বাহিনী! ভোটের মুখে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটে মোট ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা জানাল কমিশন। সবচেয়ে বেশি ৫০৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে উত্তর ২৪ পরগনায়।

Advertisement

২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ কেন্দ্রে ভোটগ্রহণ হবে।  নিরাপত্তা ব্যবস্থা আটসাটোঁ করতে এই বিপুল সংখ্যাক বাহিনী মোতায়েনের ব্যবস্থা বলে জানিয়েছে কমিশন। উত্তর ২৪ পরগনার পরই ৪০৯ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে দক্ষিণ ২৪ পরগনায়। হাওড়ায় গ্রামীণ ও শহরাঞ্চল মিলিয়ে মোতায়েন থাকছে ২৫৭ কোম্পানি বাহিনী। নদীয়ায় থাকবে ২৮৫ কোম্পানি। হুগলি জেলায় থাকছে ৩১৭ কোম্পানি আধাসেনা। এরপই পূর্ব বর্ধমানের মোট ৪৪৬৫ টি বুথের পাহারায় রাখা হচ্ছে মোট ২৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পশ্চিম বর্ধমানের আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১৩ কোম্পানি বাহিনী থাকছে। কলকাতায় বুথের সংখ্যা ৫,১৭২। সব মিলিয়ে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে কলকাতায়। এ বারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে অনেক বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। কোনও ঘটনা ঘটলে, স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে পারবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিকে, ভোটের ৪৮ ঘণ্টা আগেই নন্দীগ্রামের নিজেদের নিযুক্ত করা পুলিশ পর্যবেক্ষককেই সরিয়ে দিল নির্বাচন কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে অখিলেশ সিংহকে। নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক হিসাবে হিতেশ চৌধরিকে নিয়োগ করেছিল কমিশন। কিন্তু সেই কমিশনই এ বার তাঁকে সরিয়ে নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল। সূত্রের খবর, নির্বাচনি পর্বে গ্রেপ্তারের ক্ষেত্রে ‘র‌্যাশানাল’ হয়েছিলেন হিতেশ চৌধুরি। তার জেরেই এই বদলি কি না, তা অবশ্য স্পষ্ট নয়।  কমিশন জানিয়েছে, অবিলম্বে বদলির নির্দেশ কার্যকর করতে হবে। 
অন্যদিকে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কড়া নিরাপত্তা এবং বিধিনিষেধ জারির পাশাপাশি, ভোটকর্মী ও আধিকারিকদের স্বাচ্ছ্যন্দের বিষয়টিতেও বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী এবং ভোট কর্মীদের জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হচ্ছে এবার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই একটি এয়ার অ্যাম্বুল্যান্স মালদহে এসে পৌঁছেছে। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার জন্য চপার বা হেলিকপ্টারও রাখছে কমিশন।

সম্পর্কিত সংবাদ