নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ টালবাহানার পর অবশেষে ডার্বির ভেন্যু হিসেবে গুয়াহাটির নাম ঘোষণা করল আয়োজক মোহন বাগান। আইএসএলের ফিরতি বড় ম্যাচ কোথায় হবে, তা নিয়ে কয়েক দিন ধরেই চলে টালবাহানা। গঙ্গাসাগরের মেলার জন্য কলকাতায় পুলিস মোতায়েন করা সম্ভব নয় বলেই আগেই জানিয়ে দিয়েছিল রাজ্য প্রশাসন। তারপর বিকল্প ভেন্যু হিসেবে জামশেদপুর ও ভুবনেশ্বরের নাম উঠে আসলেও, শেষ পর্যন্ত গুয়াহাটিতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেন সবুজ-মেরুন কর্তারা। কলকাতা থেকে ডার্বি সরে যাওয়ায় বেশ হতাশ ইস্ট বেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভা। বুধবার অনুশীলন শেষে তিনি জানান, ‘অন্য শহরে গিয়ে ডার্বি খেলতে হবে, এটা সত্যিই লজ্জার। ব্রাজিলে ক্রুজেইরো আর আতলেতিকো মিনেইরো, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তারা কখনওই নিজেদের শহর ছেড়ে ভিনরাজ্যে গিয়ে ম্যাচ খেলবে না। অন্তত সমর্থকদের জন্য ম্যাচের দিন পাল্টানো উচিত ছিল। অল্প সময়ের মধ্যে গুয়াহাটিতে ম্যাচ দেখতে যাওয়া অনুরাগীদের জন্য সত্যিই কঠিন।’



