Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হাতে পাতলা ব্যাট, নেটে ব্যাকফুটে জোর কোহলির

হাতে পাতলা ব্যাট, নেটে ব্যাকফুটে জোর কোহলির
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: পাঁচজন পেসার, দু’জন বাঁ-হাতি স্পিনার, একজন অফ-স্পিনার। রেলওয়েজের বিরুদ্ধে নামার আগে কোটলায় মঙ্গলবার বিরাট কোহলির প্রস্তুতির মেনুতে ছিলেন এঁরাই। ১৩ বছর পর রনজি ট্রফিতে নামবেন ভিকে। স্বভাবতই উৎসাহ তুঙ্গে। কোহলিকে প্রস্তাব দেওয়া হয়েছিল দিল্লিকে এই ম্যাচে নেতৃত্ব দেওয়ার জন্য। তা ফিরিয়ে দিয়েছেন মহাতারকা। কারণ, তাঁর লক্ষ্য রনজি ট্রফির মঞ্চে ভুলত্রুটি শুধরে নিয়ে ইংলান্ডের বিরুদ্ধে ছন্দে ফেরা। তাই তুলনায় পাতলা ব্যাট হাতে তাঁকে দেখা গেল ব্যাকফুটে শান দিতে। ডনের দেশে আটবারই খোঁচা দিয়ে আউট হয়েছেন তিনি। সেজন্যই নেটে ব্যাটিংয়ের সময় আগাগোড়া প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন ভিকে। 
Advertisement
সকাল ন’টায় কালো গাড়ি নিয়ে বীরেন্দ্র সেওয়াগ গেটের সামনে হাজির হন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রথমে ফুটবল ড্রিল, ১০০ মিটার স্প্রিন্ট। তারপর প্যাড পরে, হেলমেট হাতে থ্রো-ডাউন সেশনে যাওয়া। মিনিট ১৫ চলল থ্রো-ডাউন। পাঁচ মিনিট ফ্রন্টফুটে জোর দেওয়া হল। বাকিটা ব্যাক-অব-দ্য লেংথে ব্যাকফুটে খেলার পরীক্ষা। কয়েকবার পরাস্ত হলেও বেশ কিছু দুরন্ত শট নিলেন তিনি।
এরপর স্পিনের বিরুদ্ধে চলল ব্যাটিং। প্রায় ২০ মিনিট নাগাড়ে হর্ষ ত্যাগী, সুমিত মাথুর, সুমিত শর্মাদের খেললেন। তার মধ্যে একবার তুলে মারতে গিয়ে উঠল লোপ্পা ক্যাচ। পরের ২০ মিনিট হয়ে উঠল পেস বোলিংয়ের বিরুদ্ধে মাস্টারক্লাস। নবদীপ সাইনি, সিদ্ধান্ত শর্মাদের বিরুদ্ধে অনেকক্ষণ ব্যাট করলেন  বিরাট। বাঁ-হাতি সিদ্ধান্তের বলে বার দুয়েক ব্যাট ছোঁয়াতে ব্যর্থ হলেন তিনি। দিল্লির কোচ শরণদীপ সঙ্গে সঙ্গে পরামর্শ দিলেন মিডল ও অফ-স্টাম্পে গার্ড নিতে। কোহলি তা মেনেও নিলেন। 
বিরাটের অনুশীলন দেখতে উপস্থিত ছিলেন প্রচুর উৎসাহী। তার মধ্যে চতুর্থ শ্রেণিতে পড়া আট বছরের খুদে কবীরও। বাবা শায়েজ খান বয়স-ভিত্তিক স্তরে খেলেছিলেন কোহলির সঙ্গে। পুরনো সঙ্গীকে চিনতে ভুল হয়নি বিরাটের। তাঁকে নিয়ে আড্ডায় মাতেন তিনি। কবীরের ব্যাটে অটোগ্রাফ দিয়ে বলেন, পরিশ্রমের পথে চলতে। কোহলির সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় মাঠেই। সতীর্থরা তো বটেই, ডিডিসিএ কর্তারাও ছবি তোলেন একে একে। প্রাথমিকভাবে এই ম্যাচ সরাসরি সম্প্রচার হওয়ার কথা না থাকলেও প্রবল উৎসাহের কারণে বদলেছে সিদ্ধান্ত। ভক্তরা জিও সিনেমায়  সরাসরি দেখতে পারবেন কোহলির ব্যাটিং।
Advertisement
সম্পর্কিত সংবাদ