লন্ডন: কাই হাভার্ট যোগ দিতেই প্রথম একাদশে জায়গা হারান তিনি। অধিকাংশ ম্যাচেই বসতে হয় রিজার্ভ বেঞ্চে। তবে বুধবার লিগ কাপের শেষ আটের লড়াইয়ে সুযোগ পেতেই দুরন্ত হ্যাটট্রিকে আর্সেনালকে সেমি-ফাইনালের টিকিট এনে দিলেন গ্যাব্রিয়েল হেসাস। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জিতল মিকেল আর্তেতা ব্রিগেড। আর্সেনালের তিনটি গোলই দ্বিতীয়ার্ধে। পাশাপাশি টুর্নামেন্টের শেষ চারে পৌঁছল লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনকে ২-১ গোলে হারায় তারা।
প্রিমিয়ার লিগে শেষ দু’টি ম্যাচে পয়েন্ট নষ্টের পর বুধবারও শুরুটা ভালো হয়নি গানারদের। ম্যাচের চতুর্থ মিনিটে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে দেন জিয়ান ফিলিপে মাতেতা। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় দল। ৫৪, ৭৩ ও ৮১ মিনিটে জাল কাঁপিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন হেসাস। শেষলগ্নে এডি সেইতার গোলে ব্যবধান কমালেও হার এড়াতে ব্যর্থ ক্রিস্টাল প্যালেস।
এদিকে, প্রথম একাদশের নিয়মিত একধিক ফুটবলারকে ছাড়াই বুধবার দল সাজিয়েছিলেন লিভারপুল কোচ আর্নে স্লট। তা সত্ত্বেও জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি তাঁদের। ম্যাচে দ্য রেডসের হয়ে জাল কাঁপান যথাক্রমে ডারউইন নুনেজ ও হার্ভে এলিয়ট। সাউদাম্পটনের একমাত্র গোলটি ক্যামেরুন আর্চারের।
আর্সেনাল- ৩ : ক্রিস্টাল প্যালেস- ২
সাউদাম্পটন- ১ : লিভারপুল- ২