


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ২০১৬ সালে প্রাইমারি স্কুলের চাকরি ছেড়ে এসএসসি পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়েছিলেন অনেকেই। চাকরি পেয়েছিলেন হাইস্কুলে। সদ্য সুপ্রিম কোর্টের রায়ে সেই চাকরি হারিয়েছেন তাঁরা। হাওড়া জেলার এমন ৬০ জন শিক্ষক-শিক্ষিকা পুনরায় প্রাথমিক স্কুলের চাকরিতে ফিরতে চাইছেন। তাঁদের মধ্যে অনেকেই লিখিতভাবে আবেদন জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষাদপ্তরে। রাজ্যের সবুজ সঙ্কেত পেলে তাঁদের প্রাথমিকের চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, যে সমস্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন, তাঁরা যদি এই চাকরির আগে অন্য কোনও সরকারি চাকরি করে থাকেন, চাইলে তাঁরা পুরনো চাকরিতে বহাল হতে পারবেন। রাজ্য সরকার তাঁদের পুরনো চাকরি ফিরিয়ে দেবে। জেলা প্রাথমিক শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে প্রাথমিকে চাকরি করতেন, এমন ৬০ জন পুরনো চাকরিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে ২৫ জন ইতিমধ্যেই লিখিতভাবে আবেদন জানিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেন, ‘রাজ্য শিক্ষাদপ্তর যদি এই শিক্ষক-শিক্ষিকাদের পুরনো চাকরিতে ফেরানোর নির্দেশ দেয়, তাহলে জেলার তরফে দ্রুত সেই প্রক্রিয়া শুরু করা হবে।’ দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাধারণত একবার কেউ প্রাথমিকের চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দিলে, তাঁর যাবতীয় তথ্য সম্বলিত প্রোফাইল পোর্টাল থেকে ডিলিট করে দেওয়া হয়। এক্ষেত্রে অবশ্য রাজ্য চাইলে পুনরায় পোর্টালে তাঁদের যাবতীয় তথ্য একত্রিত করে চাকরিতে ফেরানোর ব্যবস্থা করা যাবে। একইসঙ্গে গত ন’বছরের অভিজ্ঞতা অনুযায়ী সেই শিক্ষক কিংবা শিক্ষিকাকে যাবতীয় সুযোগ সুবিধাও দেওয়া হবে।