Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় ভোটার প্রায় ৩৪ লক্ষ, ৪ হাজার ৩৯৫ বুথে ভোটগ্রহণ

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঘিরে হাওড়া জেলায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গেল।

হাওড়ায় ভোটার প্রায় ৩৪ লক্ষ,  ৪ হাজার ৩৯৫ বুথে ভোটগ্রহণ
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ঘিরে হাওড়া জেলায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গেল। রবিবার জেলাশাসকের দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলার নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলাশাসক পি দীপাপ্রিয়া। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, হাওড়ায় মোট ভোটারের সংখ্যা ৩৩ লক্ষ ৯০ হাজার ৭০। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ লক্ষ ৩২ হাজার ৮৯৮ এবং মহিলা ভোটার ১৬ লক্ষ ৫৭ হাজার ৯৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৮ জন। ‘সার্ভিস ভোটার’র সংখ্যা ১ হাজার ৭৮৩। ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছেন ১৯ হাজার ৩৩৮ জন এবং বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ১৫ হাজার ৩৬৭। নতুন ভোটার হিসেবে ১৮ থেকে ১৯ বছর বয়সিদের সংখ্যা ২৯ হাজার ১২৫। ভোটগ্রহণের জন্য জেলায় মোট ৪ হাজার ৩৯৫টি বুথ তৈরি করা হচ্ছে। এর মধ্যে শহরাঞ্চলে ১ হাজার ৪৩০টি এবং গ্রামাঞ্চলে ২ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্র থাকবে। অতিরিক্ত হিসেবে ১২৩টি বুথ রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মডেল পোলিং স্টেশন তৈরি করা হবে। পাশাপাশি শুধুমাত্র মহিলা ভোটকর্মীদের পরিচালনায় কয়েকটি বুথ থাকবে বলে জানান জেলাশাসক।

Advertisement

নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য জেলা প্রশাসনের কন্ট্রোল রুম ইতিমধ্যে চালু হয়েছে। ভোটাররা ১৯৫০ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। রাজনৈতিক দলগুলির সঙ্গে সমন্বয় রাখতেও উদ্যোগ নিয়েছে প্রশাসন। সোমবার জেলাশাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে কমিশনের বিধিনিষেধ ও প্রচারের নিয়মাবলি নিয়ে দলগুলিকে অবহিত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়েছে। হাওড়া সিটি পুলিশ এলাকায় ১০ কোম্পানি এবং গ্রামীণ পুলিশ এলাকায় ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় তাদের টহলদারি শুরু হয়েছে। 

সম্পর্কিত সংবাদ