সুদীপ্ত কুণ্ডু, হাওড়া: তীব্র যানজটের ভোগান্তি থেকে রেহাই দিতে হাওড়া-আমতা রোড সম্প্রসারণের কাজ জোরকদমে চালাচ্ছে পূর্ত দপ্তর। ৫৫ কোটি টাকা খরচে হাওড়া আমতা রোডের প্রায় ১৬ কিলোমিটার অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ইতিমধ্যেই ১০ কিলোমিটার রাস্তার কাজ প্রায় শেষের পথে।
জেলার ব্যস্ততম রাজ্য সড়কগুলোর মধ্যে অন্যতম হাওড়া আমতা রোড। ডোমজুড়, মাকরদহ সহ বিভিন্ন জায়গার সঙ্গে হাওড়া শহরের সরাসরি যোগাযোগ হয় এই রাস্তা দিয়েই। আবার সরাসরি জাতীয় সড়কে পৌঁছে যাওয়া যায় এই রাস্তা ধরে। প্রতিদিন বিভিন্ন রুটের কয়েক হাজার ছোট বড় পণ্যবাহী গাড়ি, বাস ছাড়াও অসংখ্য বাইক, ছোট গাড়ি, টোটো চলাচল করে এই রাস্তায়। ফলে সবসময়ই তীব্র যানজট লেগে থাকে ঘিঞ্জি বাজার এলাকাগুলোতে। দীর্ঘদিনের যানজট সমস্যা মেটাতে সম্প্রতি হাওড়া আমতা রোড সম্প্রসারণের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৬ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা বর্তমানে ৭ মিটার চওড়া অবস্থায় রয়েছে। রাস্তাটি ১০ মিটার চওড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে মাকড়দহ মোড়, ডোমজুড় বাজার ও বড়গাছিয়া বাজারের বেশ কিছুটা অংশে জমিজটের সমস্যা থাকায় সেখানে আপাতত রাস্তা চওড়া করা হচ্ছে না। তাই ওই এলাকায় যানজট সমস্যা এখনই মিটছে না। আপাতত বাকরা ব্রিজ থেকে ডোমজুড় পর্যন্ত রাস্তার কাজ জোরকদমে চলছে।
হাওড়া আমতা রোডের নিত্যযাত্রীরা বলেন, "সংকীর্ণ রাস্তায় যখন তখন বাস থেকে যাত্রী ওঠানো নামানো হয়। ফলে পেছনে আসা বাসগুলোর গতি কমে যায়। রাস্তা চওড়া হলে সেই সমস্যা থাকবে না।" হাওড়া আমতা রোডের একটি বড় অংশ জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত। এই প্রসঙ্গে সেখানকার বিধায়ক সীতানাথ ঘোষ বলেন, "১০ কিলোমিটার রাস্তা চওড়া করার কাজ প্রায় শেষের পথে। আগামী ছয় মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ হয়ে যাবে। হাজার হাজার মানুষ এতে উপকৃত হবেন।" জানা গিয়েছে, রাস্তা সম্প্রসারণের সঙ্গেই পিএইচই দপ্তরের জলের লাইন বসানো বাবদ অর্থও বরাদ্দ করা হয়েছে।