Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে আবাসের সমীক্ষায় উঠে এল ৪০ লক্ষ নাম

প্রত্যাশা ও লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে। রাজ্যে ৩২ লক্ষ গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ঘর দেওয়ার প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার।

লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে আবাসের সমীক্ষায় উঠে এল ৪০ লক্ষ নাম
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রত্যাশা ও লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে। রাজ্যে ৩২ লক্ষ গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ঘর দেওয়ার প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার। কিন্তু জেলায় জেলায় সমীক্ষায় তার থেকে বেশি সংখ্যক মানুষের নাম উঠে এসেছে। সব মিলিয়ে সোমবার পর্যন্ত ৪০ লক্ষের মতো নাম নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। হাতে আরও এক সপ্তাহ আছে। ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছেন পঞ্চায়েত দপ্তরের কর্তারা। শুরুতে  কারা ঘর পাওয়ার যোগ্য, তা নিয়ে কেন্দ্রের বেঁধে নেওয়া নিয়মের গেরোয় অনেকেই বাদ পড়ে যাচ্ছিলেন। কারণ কাঁচা বাড়ি না হলে কাউকে যোগ্য হিসাবে বিবেচনা করা হচ্ছিল না। পরে রাজ্যের অনুরোধে সেই নিয়ম শিথিল করে কেন্দ্র। আর তাতে বহু মানুষের নাম এই সমীক্ষায় উঠে এসেছে। এই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আরেক দফা যাচাই করা হবে। তারপর তৈরি হবে চূড়ান্ত তালিকা।

Advertisement

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আবাসের সমীক্ষার উপর বাড়তি গুরুত্ব দিয়েছিল। বারে বারে পঞ্চায়েতমন্ত্রী থেকে দপ্তরের আধিকারিকদের বলতে শোনা গিয়েছে, এই সমীক্ষায় নাম তোলা না হলে সাময়িকভাবে আর বাড়ি পাওয়া যাবে না। জেলাশাসকরাও জোর দেন সমীক্ষায়। নিয়ম মেনে যাঁদের বাড়ি পাওয়ার কথা, তাঁদের বর্তমান বাড়ির অবস্থা দেখে নাম তুলেছেন কর্মীরা। সরকারি পরিসংখ্যান বলছে, অন্তত ১০টি জেলায় লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি নাম নথিভুক্ত করা হয়েছে। যেমন ঝাড়গ্রামে টার্গেট ছিল ৫৬ হাজার। সেখানে সমীক্ষায় উঠে এসেছে ৬৭ হাজারের বেশি নাম। জলপাইগুড়িতে ১ লক্ষ ২২ হাজারের লক্ষ্যমাত্রা থাকলেও সমীক্ষায় নথিভুক্ত হয়েছে ১ লক্ষ ৪০ হাজারের বেশি নাম। তবে এখনও বেশ কিছু জেলা রয়েছে যেখানে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো যায়নি। এই তালিকায় নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর জেলার। দপ্তরের আশা, যাচাই পর্বের পর কিছু নাম বাদ যাবে। সব মিলিয়ে ৩৫-৩৬ লক্ষ উপভোক্তা আবাসের টাকা পেতে পারেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ