নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলুড়ে বহু পুরানো পাঁচিল ভেঙে গুরুতর জখম হলেন এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে বেলুড়ের গিরিশ ঘোষ রোডের ঠাকুরণ পুকুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম গৃহবধূর নাম শর্মিষ্ঠা চক্রবর্তী (৩৪)। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে ওই পাঁচিলের পাশে একটি পুরানো বাড়িতে বসবাস করেন তিনি। এদিন সকালে বাড়ির বাথরুমে স্নান করছিলেন শর্মিষ্ঠা। সেই সময় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহু বিশালাকার পাঁচিলটি। পাঁচিলের চাপে বাথরুমের চাল ভেঙে কংক্রিটের চাঙড় ও দেওয়ালের একাংশ তাঁর উপর এসে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ধ্বংসস্তূপ সরিয়ে রক্তাক্ত অবস্থায় শর্মিষ্ঠাকে উদ্ধার করেন তাঁরা। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় টি এল জয়সওয়াল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মাথা ও শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত ধরা পড়ায় চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানান। তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বহু বছরের পুরানো ও জীর্ণ পাঁচিলটি কীভাবে এতদিন অরক্ষিত অবস্থায় ছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ শুরু হয়েছে।



