Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

গৃহস্থের পাতে মূল্যবৃদ্ধির চাপ! আমিষের খরচ বেড়েছে ৯%, নিরামিষ খাবারে ৪%: ক্রিসিল

বাজার আগুন। গেরস্থের রান্নাঘর হয়ে সেই আঁচ খাবারের থালাতেও। জুলাই মাসে বাড়িতে রান্না করা নিরামিষ থালির দাম গত বছরের এই একই সময়ের তুলনায় বেড়েছে ৪ শতাংশ।

গৃহস্থের পাতে মূল্যবৃদ্ধির চাপ! আমিষের খরচ বেড়েছে ৯%,  নিরামিষ খাবারে ৪%: ক্রিসিল
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাজার আগুন। গেরস্থের রান্নাঘর হয়ে সেই আঁচ খাবারের থালাতেও। জুলাই মাসে বাড়িতে রান্না করা নিরামিষ থালির দাম গত বছরের এই একই সময়ের তুলনায় বেড়েছে ৪ শতাংশ। আমিষ থালি মহার্ঘ হয়েছে আরও বেশি— ৯ শতাংশ। মূলত রান্নার গ্যাস, পেঁয়াজ, উদ্ভিজ্জ তেল ও মুরগির মাংসের দাম বৃদ্ধি এর কারণ। গোটা দেশের বাজার-দোকানের হালচাল খতিয়ে দেখে ক্রিসিল ইন্টেলিজেন্স-এর রিপোর্টে এই দাবি করা হয়েছে।

Advertisement

প্রকাশিত রিপোর্টটিতে দাবি করা হয়েছে, গত বছরের তুলনায় চলতি বছরের জুলাইয়ে পেঁয়াজের দাম বেড়েছে ২০ শতাংশ। উদ্ভিজ্জ তেল ও এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে যথাক্রমে ১১ ও ১০ শতাংশ। ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১৪ শতাংশ। ক্রিসিলের রিপোর্ট বলছে, মহারাষ্ট্রে হিমঘরের খরচ বৃদ্ধি, এপ্রিল-মে মাসে অসময়ের বৃষ্টিতে মরশুমের শেষলগ্নে খেত থেকে ওঠা ও মজুতজাত ফসলের ক্ষতির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। পশ্চিম এশিয়ায় সংকটের কারণে সরবরাহ ব্যাগত হওয়ায় এলপিজি সিলিন্ডার সহ জ্বালানি ঊর্ধ্বমুখী। তবে থালির মূল্যবৃদ্ধির প্রভাব আংশিকভাবে প্রশমিত হয়েছে গত বছরের জুলাইয়ের তুলনায় এবছর জুলাইয়ে আলু ও টমেটোর দাম হ্রাসের ফলে। এক বছর আগের তুলনায় এই দুই সবজির দাম যথাক্রমে ১২ ও ২ শতাংশ কমেছে।
পাশাপাশি মাসিক দামের নিরিখেও মহার্ঘ হয়েছে থালি। চলতি বছরে জুনের তুলনায় জুলাই মাসে নিরামিষ থালির দাম বেড়েছে ২ শতাংশ। তবে, আমিষ থালির দাম অপরিবর্তিত রয়েছে। ক্রিসিলের রিপোর্ট বলছে, জুন মাসের তুলনায় জুলাইয়ে পেঁয়াজের দাম বেড়েছে ২৩ শতাংশ, আলুর দাম ২ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। টমেটোর দাম ১ শতাংশ কমেছে জুনের তুলনায়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ