সংবাদদাতা রানাঘাট: শান্তিপুর ব্লক এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করল প্রশাসন। শান্তিপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলিতে ডেঙ্গু প্রতিরোধে এবং মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে মূল ভূমিকা পালন করেছেন আশাকর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে আশা কর্মীরা কোনো সমস্যায় পড়ছেন কিনা, তার সরাসরি খোঁজ খবর নিতে এবং যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গু প্রতিরোধ করতে শান্তিপুর ব্লক প্রশাসনও ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এদিন শান্তিপুর বিডিও অফিসে বৈঠক আয়োজন করা হয়।
বৈঠকে আশা কর্মীদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়, ব্লকের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ডেঙ্গুর লার্ভা বিনাশ ও জমা জল সনাক্তকরণ এর কাজ আরও জোরদার করতে হবে।
পাশাপাশি একই দিনে বিডিও অফিসের পক্ষ থেকে শান্তিপুর ব্লকের বয়স্ক নাগরিকদের জন্য ‘ডিজিটাল লিটারেসি ফর সিনিয়র সিটিজেন’ এর আয়োজন করা হয়। বর্তমান সময়ে প্রবীণ ব্যক্তিরাই সবচেয়ে বেশি সাইবার অপরাধ ও প্রতারণার শিকার হচ্ছেন। সেই কারণে এদিন ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, ব্যাংক জালিয়াতি, ওটিপি ও ভুয়ো লিংক সংক্রান্ত প্রতারণা থেকে কিভাবে দূরে থাকা যায় এই বিষয়ে এলাকার প্রবীনদের অবগত করা হয়। সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো থেকেও সতর্ক করা হয়।
এই বিষয়ে শান্তিপুরের বিডিও সব্যসাচী রায় বলেন, ডেঙ্গু নিয়ে ব্লকে যাতে নতুন করে আতঙ্ক না ছড়ায় সেই কারণে তৎপরতা বাড়ানোর জন্যই আজকের এই বৈঠক। পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রতারিত হন বেশিরভাগ প্রবীণরা। তারাঅনেকেই এখনো পর্যন্ত মোবাইল বা সোশ্যাল মিডিয়ার সম্পর্কে অতটা অবগত নন। তাদেরকে অবগত করার জন্যই এদিন ‘ডিজিটাল লিটারেসি ফর সিনিয়র সিটিজেন’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডেঙ্গু সচেতনতা বিষয়ে ফুলিয়ার বি এম ও এইচসুজন দাস জানান, গত আগস্ট মাসে শান্তিপুর ব্লকে তিনজন আক্রান্ত ধরা পড়ে এ মাসে সেটি কমে একজন হয়েছে। আরও বেশি করে নজরদারি বাড়ানো হবে চেষ্টা করা হবে মানুষযেন ডেঙ্গু আক্রান্ত না হয়।