নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাজরা মোড়ের কাছে অভিজাত থ্রি-স্টার হোটেলে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগ ওই হোটেলের রাঁধুনির বিরুদ্ধে। খাবারের স্বাদ কেমন হয়েছে, একথা জিজ্ঞাসা করার অছিলায় রেস্তরাঁর মধ্যেই তরুণীকে অশালীনভাবে স্পর্শ করেছে সে— ভবানীপুর থানায় লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। তার ভিত্তিতে পুলিশ শ্লীলতাহানির মামলা রুজু করেছে। আটক করা হয়েছে অভিযুক্ত রাঁধুনিকে। অভিযুক্তের নাম আমানত আনসারি।
পুলিশকে অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি ভিন জেলার বাসিন্দা। কর্মসূত্রে কলকাতায় এসে তিনি ওই হোটেলে উঠেছিলেন। দুপুরে খাওয়ার জন্য হোটেলের রেস্তরাঁয় যাচ্ছিলেন তিনি। সেই সময় ব্রেকফাস্টের মেনুর স্বাদ কেমন ছিল, তা জানার জন্য তাঁর সংস্পর্শে আসার চেষ্টা করে রাঁধুনি। অভিযোগ, তরুণীর শরীর অশালীনভাবে স্পর্শ করে ওই যুবক। পালটা তাকে চড় মারেন তিনি। তিনি ঘটনার কথা হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারকে বলেন। কেউই তাঁর কথায় গুরুত্ব দেননি। এরপর ভবানীপুর থানায় গিয়ে সংশ্লিষ্ট রাঁধুনির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। তদন্তে নেমে অভিযুক্তকে আটক করে পুলিশ।