নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী দিনসাতেক দক্ষিণবঙ্গে অস্বস্তিজনক গরম চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ পরিবর্তন আপাতত হবে না। পশ্চিমাঞ্চলের জেলাগুলির অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকবে। দক্ষিণবঙ্গের পূর্ব ও উপকূল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে কিছুটা বেশি থাকবে। তাপমাত্রা বেশি থাকার পাশাপাশি বাতাসে বিশেষ করে বায়ুমণ্ডলের নীচের স্তরে জলীয় বাষ্পের মাত্রা বেশি হওয়ার জন্য ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা কষ্ট হচ্ছে। উপকূলীয় এলাকায় সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৫-৯৫ শতাংশে মধ্যে ঘোরাফেরা করছে। ভিতরের দিকের জেলাগুলিতে তা ৭৫-৮৫ শতাংশে রয়েছে। সর্বনিম্ন আপেক্ষিক আদ্রর্তা রয়েছে ৪৫-৬৫ শতাংশে। এর জন্য দক্ষিণবঙ্গের উপকূল ও তার কাছাকাছি এলাকায় (এর মধ্যে কলকাতা ও লাগোয়া অংশ পড়ছে) আর্দ্র ও অস্বস্তিজনক গরম থাকবে (হিউমিড অ্যান্ড ডিসকমফোর্ট কন্ডিশন)। এইসব এলাকায় ভ্যাপসা গরমের মাত্রা বেশি হবে। পশ্চিমাঞ্চলে অস্বস্তিজনক আর্দ্র গরম (হট অ্যান্ড হিউমিড) পরিস্থিতি থাকবে। তবে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়নি।
এই অবস্থার মধ্যে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি ও ঝড় হতে পারে। এটা যেখানে হবে সেখানে গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। বুধবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রমেঘ সৃষ্টি হয়। কলকাতা ও লাগোয়া দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলার কিছু এলাকায় বিকেল নাগাদ কিছুটা বজ্রমেঘের সঞ্চার হয়। মধ্য ও দক্ষিণ কলকাতার কিছু অংশে বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসে ১১ মিমি মতো বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বিকেলের পর বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম জেলার কিছু অংশে শক্তিশালী বজ্রমেঘর সৃষ্টি হওয়ায় লাল সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। পশ্চিম ও পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রামের কিছু অংশে ‘কমলা’ সতর্কতা জারি হয়। এরকম বজ্রমেঘ সৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে আছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। উত্তরবঙ্গে, বিশেষ করে হিমালয় লাগোয়া এলাকায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির মাত্রা বেশি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও লাগোয়া বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। পশ্চিম বিহারে একটি ঘূর্ণাবর্ত আছে। এর জন্য বঙ্গোপসাগর থেকে অনেকটা বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। এর জেরে তুলনামূলকভাবে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হচ্ছে উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড় লাগোয়া এলাকাগুলিতে। দক্ষিণবঙ্গেও নানা জায়গায় বজ্রমেঘ তৈরি হচ্ছে।