লখনউ, ২৯ সেপ্টেম্বর: সাত সকালে উত্তর প্রদেশের হরদোই জেলায় গঙ্গা এক্সপ্রেসওয়েতে বড় দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ। সূত্রের খবর, দিল্লি থেকে লখনউ যাচ্ছিল বাসটি। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে তা উল্টে যায়। এখনও পর্যন্ত মৃত্যুর কোনো খবর সামনে না এলেও, ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।
পুলিশ সূত্রে খবর, বিলগ্রাম থানা এলাকায় ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এক স্থানীয় বাসিন্দা বলেন, বিকট শব্দ শুনে ছুটে এসে দেখি এই ঘটনা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন এলাকার আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা। ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ এবং আহতদের উদ্ধার করে বিলগ্রামের স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। জখমদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনায় কিছুক্ষণের জন্য যান চলাচল থমকে যায় গঙ্গা এক্সপ্রেসওয়েতে। এরপরে বাসটিকে সরিয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল? কীভাবে এই দুর্ঘটনা ঘটল? তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।