নিউ চন্ডীগড়: অপ্রতিরোধ্য শাই হোপ। নিয়মরক্ষার তৃতীয় একদিনের ম্যাচে তাঁর দুরন্ত শতরান নাটকীয়ভাবে জেতাল ওয়েস্ট ইন্ডিজকে। ১৪৩ বলে হোপের অপরাজিত ১৬২ রানের ইনিংসই তফাত গড়ে দিল। ৩৫২ রান তাড়া করে ১০ বল বাকি থাকতে ভারতকে ৫ উইকেটে হারাল ক্যারিবিয়ানরা (৩৫২-৫)। সিরিজ ২-১ জিতলেও বোলিং নিয়ে কোচ গৌতম গম্ভীরের উদ্বেগ আরও বাড়াল এদিনের হার।
দুপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। চলতি সিরিজে শতরান ও দ্বিশতরানের পর শুভমান গিল (১) ফেরেন তৃতীয় ওভারে। পরের বলেই আউট বিরাট কোহলি। দু’জনেই জেডন সিলসের শিকার। কোহলি ফিরতেই গ্যালারিতে নেমে আসে নিস্তব্ধতা। জোড়া ধাক্কা সামলে ইনিংস মেরামতে জোর দেন রোহিত শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড়। তৃতীয় উইকেটে যোগ হয় ১৩৭ রান। ৮৫ বলে হিটম্যানের ৯২ রানে রয়েছে ১০টি চার ও ৩টি ছক্কা। ঋতুরাজ ৬৯ বলে ৫৭ করে ফেরেন। এরপর পুরোটাই লোকেশ রাহুল শো। পাঁচ নম্বরে নেমে চতুর্থ শতরান করেন তিনি। ৮৭ বলে তাঁর অপরাজিত ১২৯ রানের ইনিংস সাজানো ১০টি চার ও ৬টি ছক্কায়। পরের দিকে রান পান নমন ধীর (৩০), অংশুল কম্বোজও (১৭)। তবে নীতীশ রেড্ডি (৯) ব্যাট হাতে ব্যর্থ।
রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে আগাগোড়া ভরসা দেন ওপেনার হোপ। আমির জানগো (৬৭), কিমো পলের (৪৪) সঙ্গে জুটিও গড়ে তোলেন। হোপের শতরান আসে ১০৪ বলে। উলটোদিকে উইকেট পড়লেও ক্যারিবিয়ান ক্যাপ্টেন আত্মবিশ্বাসের সঙ্গে জয়ের স্টেশনে পৌঁছে দেন দলকে।